২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নদলের ‘গ্রহণকালে পূর্ণশশী’

স্বপ্নদলের সপ্তম মাইমোড্রামা ‘গ্রহণকালে পূর্ণশশী’-র উদ্বোধনী মঞ্চায়ন হবে বুধবার। এদিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বাংলাদেশ হুদা মাইম ক্লাব আয়োজিত মূকাভিনয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মঞ্চস্থ হবে নাটকটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 05:33 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

‘গ্রহণকালে পূর্ণশশী’ প্রযোজনার ধারণা ও নির্দেশনা প্রদান করেছেন স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মী ফারজানা রহমান মিতা। নাটকটি মূলত একটি স্কেচ বা নকশা প্রযোজনা।

বাঙালির হাজার বছরের নিজস্ব সংস্কৃতির সঙ্গে আধুনিকতার নামে অন্য ভূখণ্ড থেকে আগত, আরোপিত সংস্কৃতির মধ্যকার চলমান সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে আবর্তিত হয়েছে নাটকটি। রূপক এ উপস্থাপনায় বিভ্রান্তির জাল ছিঁড়ে বাঙালির মানসিকতার পরিবর্তন এবং একই সঙ্গে বাঙালি সংস্কৃতির বিজয় তুলে ধরা হয়েছে।

নাটকের পাঁচ চরিত্রে অভিনয় করছেন ফারজানা রহমান মিতা, হাসান রেজাউর, সামাদ ভুঁইয়া, তানভীর শেখ ও এনামুল হক শাহীন।

স্বপ্নদলের হয়ে এটিই মিতার প্রথম নির্দেশনা। স্বপ্নদলের প্রথম মাইমোড্রামা ‘স্বাধীনতা, সংগ্রামে’।