২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে হানি সিং

শীঘ্রই অভিনেতা হিসেবে অভিষেক ঘটবে গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের, প্রথম সিনেমাতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মিডডে জানায়, সাসপেন্স থ্রিলার ধাঁচের সিনেমা ‘এক্সপোজ’-এ অভিনয় করবেন হানি সিং। সিনেমার পরিচালক অনন্ত মহাদেভান। প্রযোজনা করবেন গায়ক-অভিনেতা হিমেশ রেশামিয়া।

বলিউডি সিনেমায় হানি সিংয়ের অভিনয় এই প্রথম হলেও অভিনেতা হিসেবে তিনি নাম লিখিয়েছেন আরও আগে। ২০১২ সালে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘মির্জা’-র মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘ম্যায় তেরা বে তু মেরা বে’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালের শুরুতে।

তবে অভিনয়ের চাইতে সংগীতকেই বেশি প্রাধান্য দেন হানি।

২০১৩ সালের শুরুতে হানি বলেছিলেন, “সত্যি কথা বলতে কী, আমার মনে হয় না আমি এখনই অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত। গায়ক হিসেবে আমার এখনও অনেকদূর পথ পাড়ি দেওয়া বাকি। আমি হঠাৎ করে অভিনয়ে যেতে চাই না, যেভাবে হিমেশ রেশামিয়া গিয়েছিলেন।”

উল্লেখ্য, গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাবার পরপরই সিনেমায় অভিনয় শুরু করেন হিমেশ। কিন্তু অভিনেতা হিসেবে সফল হতে পারেননি তিনি।

মূলত পাঞ্জাবি ভাষার র‌্যাপ ঘরানার গান গাওয়ার জন্য পরিচিত হানি সিং-এর আসল নাম হিরদেশ সিং। ভারতীয় এই গায়ক সংগীতের উপর পড়াশোনা করতে লন্ডনে পাড়ি জমানোর পরপরই জনপ্রিয় হয়ে উঠতে থাকেন সেখানে বসবাসকারী প্রবাসীদের কাছে।

২০১২ সালৈ বলিউডি সিনেমায় সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। ওই বছরে বেশ কয়েকটি বলিউডি সিনেমা গান গেয়েছেন হানি। ‘ককটেইল’, ‘সন অফ সর্দার’, ‘রেইস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমাগুলোতে গান গেয়েছেন তিনি। এরমধ্যে ‘ককটেইল’-এর গান ‘ম্যায় শারাবি’-র জন্য ৭০ লাখ রুপি অর্জন করে গায়কদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েন তিনি।

বলিউডজুড়ে ব্যাপক জনপ্রিয় হলেও গানের অশ্লীল কথা এবং দৃশ্যায়নের জন্য সমালোচনার মখেও পড়েছেন হানি।

অশ্লীল গানের কথা প্রকাশের কারণে বেশ কয়েকবার আদালতেও হাজির হতে হয়েছে তাকে।

২০১২ সালে ভারতের দিল্লিতে গণধর্ষণের ঘটনার পর গানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরবর্তীতে, ২০১৩ সালের শুরুতে হানির বিরুদ্ধে সব রকমের অভিযোগ খারিজ করে দেয় আদালত।