বধ্যভূমি ও প্রত্নতত্ত্ব নিয়ে শিল্পকলার নাটক
সারাদেশের বধ্যভূমির কাহিনি নিয়ে নিয়মিত নাটক নির্মাণ করবে শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির নিজস্ব প্রযোজনায় নাটকগুলো নির্মাণ করবে পরিবেশ থিয়েটার।
এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনার গল্প নিয়েও নাটক নির্মাণের পরিকল্পনা আছে একাডেমির।
মঙ্গলবার একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, ‘আড়ালে থাকা’ বধ্যভূমির কাহিনি নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার ‘ভিন্নধর্মী’ এ পরিকল্পনায় আওতায় প্রতিবছর ১০টি নাটক নির্মাণের ঘোষণা দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি বলেন, “মঞ্চনাটকের মাধ্যমে জীবনের কথা বিস্তৃতভাবে তুলে ধরা যায়। এর মাধ্যমে দর্শকের কাছে নানা বার্তাও পৌঁছে দেওয়া যায়। পরিবেশ থিয়েটারের অপ্রচলিত ধারার এসব নাটকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিও আমাদের লক্ষ্য।”
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন ও স্থাপনা নিয়ে নাট্যভাবনার কথা শেয়ার করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের নানা স্থানে প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে । এসব নিদর্শনের গল্প নিয়েও আমরা নিয়মিত নাটক নির্মাণের পরিকল্পনা করছি।”
এসব নাটকের নির্দেশনা ও মঞ্চায়ন বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় বধ্যভূমি ও প্রত্নতত্ত্ব বিষয়ে নির্মিত নাটকগুলো নির্দেশনা ও তাতে অভিনয় করবে স্থানীয় নাট্যদলের অভিনেতারা। এছাড়া মঞ্চায়নের পরিবেশ বিবেচনায় বিশেষ আবহ তৈরি করা হবে। এক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা আছে শিল্পকলার।
একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের নিজস্ব প্রযোজনা পরিবেশ থিয়েটার ইতোমধ্যে ৪টি নাটক নির্মাণ শুরু করেছে।
শিল্পকলার এ আয়োজনে ইতোমধ্যে মিরপুর ও ফরিদপুরের বধ্যভূমির কাহিনি নিয়ে দুটি নাটক নির্মিত হয়েছে। নাটকগুলো হল ‘যুদ্ধপূরাণ’ এবং ‘কনসেনট্রেশন ক্যাম্প ডট ৭১’। ‘যুদ্ধপূরাণ’ নির্দেশনা দিচ্ছেন আনিসুল হক বরুণ এবং ‘কনসেনট্রেশন ক্যাম্প ডট ৭১’ নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
বুধবার সন্ধ্যা ৬টায় মিরপুর বধ্যভূমিতে মঞ্চস্থ হবে ‘যুদ্ধপূরাণ’। পরপর তিনদিন একই স্থানে এবং একই সময়ে আরও ৪ বার মঞ্চস্থ হবে নাটকটি।
২৪ মার্চ ফরিদপুরে স্টেডিয়ামে মঞ্চস্থ হবে ‘কনসেনট্রেশন ক্যাম্প ডট ৭১’। এতে অভিনয় করছে ফরিদপুরের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মীরা।
প্রত্নতত্ত্ব বিষয়ে নির্মিত দুটি নাটক হল ‘শিকড়’ এবং ‘সোমপুর কথন’। নওগাঁর প্রত্নতাত্ত্বিক এলাকা পাহাড়পুরের সোমপুর মহাবিহারের গল্প নিয়ে ‘সোমপুর কথন’ নাটকের নির্দেশনা দিচ্ছেন দেবাশীষ ঘোষ। নাটকে অভিনয় করবে জয়পুরহাটের শান্তিনগর থিয়েটারের শিল্পীরা। ১২ এপ্রিল সোমপুর মহাবিহারে প্রথমবারের মতো মঞ্চস্থ হবে নাটকটি। শিল্পকলার প্রথম প্রত্নতত্ত্ব প্রযোজনার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নরসিংদীর প্রত্নতাত্ত্বিক এলাকা উয়ারী-বটেশ্বরের গল্প নিয়ে তানভীর আহমেদ সিডনীর রচনায় ‘শিকড়’ নাটকটি নির্দেশনা দিচ্ছেন অলোক বসু। এই মুহুর্তে চলছে নাটকটির মহড়া।
