জয়ার সহকারী পরিচালক দীপিকা!
জয়া আখতার পরিচালিত পরবর্তী সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতে চান বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়–কোন।
হিন্দুস্থান টাইমস জানায়, র্যাম্প মডেল থেকে অভিনেত্রীতে রূপান্তরিত দীপিকা জয়ার পরবর্তী সিনেমায় বসতে চান সহকারী পরিচালকের আসনে। সিনেমাটির চিত্রনাট্য পড়েই সিনেমাটিতে ক্যামেরার পিছনে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দীপিকা।
সিনেমাটিতে এক পাঞ্জাবী পরিবারের কাহিনি তুলে ধরা হবে, যারা ছুটি কাটাতে একটি বিলাসবহুল জাহাজ ভ্রমণে বের হন। সিনেমাটিতে কোনো চরিত্রে অভিনয় না করলেও ক্যামেরার পিছনে কাজ করতে চান দীপিকা।
দীপিকা বলেন, “সিনেমাটির গল্প আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি যে কোনো ভাবেই হোক সিনেমাটির সঙ্গে যুক্ত থাকতে চাই। আর এজন্য সহকারী পরিচালক হতেও আপত্তি নেই আমার।”
পরিচালনায় থাকতে চাইলেও কাজটি কতটা সফলভাবে করতে পারবেন না নিয়ে নিশ্চিত নন দীপিকা।
নাম ঠিক না হওয়া সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকার কথিত প্রেমিক রানভির সিং। তার বিপরীতে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া। আরও থাকছেন আনুশকা শর্মা, ফারহান আক্তার এবং অনিল কাপুর।
দারুণ আগ্রহী হলেও এখনও জয়াকে এ বিষয়ে জানাননি দীপিকা। জয়ার কানে খবরটি পৌছালেও ব্যস্ততার কারণে তার সঙ্গে এ বিষয়ে কথা বলেননি বলে জানিয়েছেন দীপিকা।
দীপিকা বর্তমানে ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমাটিতে তার বিপরিতে অভিনয় করছেন শাহরুখ খান। তাছাড়া তার হাতে রয়েছে সুজিত সরকারের ‘পিকু’ সিনেমাটি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন ইরফান খান এবং অমিতাভ বচ্চন।
বলিউডি অভিনয় শিল্পীদের সহকারী পরিচালক হিসেবে কাজের বিষয়টি নতুন নয়। রণবীর কাপুর, হৃত্বিক রোশান, সোনাম কাপুর, শ্রদ্ধা মালহোত্রা, সোনাক্ষি সিনহাসহ আরও অনেকে অভিনয় জগতে পা রাখার আগে কাজ করেছিলেন ক্যামেরার পিছনে।
