২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরার পাশে প্রিয়াংকা

নবাগতা মিরা চোপড়াকে বলিউডে ক্যারিয়ার গঠনে সাহায্য করছেন তার কাজিন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। 

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, মিরা বেশকিছু দক্ষিণী সিনেমায় কাজ করেছেন। বলিউডেও তিনি তার ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন।

জানা যায়, বলিউডে চোপড়া পরিবারের আরেক অভিনেত্রী ও কাজিন পরিনীতির সঙ্গে মিরার সম্পর্ক খুব একটা মধুর না হওয়ায় বলিউডে পা ফেলতে পারেননি তিনি। এর আগে এক বিবৃতিতে পরিনীতি জানিয়েছিলেন, মিরা তাদের পরিবারের কেউ নন। দুঃসম্পর্কের আত্মীয় মাত্র।

তবে পরিনীতির ওই তথ্যকে বানোয়াট বলে দাবি করেছিলেন মিরা।

মিরা বলেন, “আমরা ২০ বছর আগেও একসঙ্গে ছিলাম। আমরা সবাই একই বাড়িতে থাকতাম। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এরপর সবাই কাজের খাতিরে ভিন্ন ভিন্ন শহরে চলে যাই। পরিনীতি আমাদের মধ্যে ছোট। আমি এবং প্রিয়াংকা সমবয়সী।”

তার মতে পরিনীতি যা করেছে তা ‘স্টুপিডিটি’।

মিরা বলেন, “পরিনীতির এ ধরনের কথা বোকামি ছাড়া কিছু নয়। এতে আমার একদমই খারাপ লাগে না। আমার ওর সঙ্গে তেমন ঘনিষ্টতা নেই। কারণ ও অনেক ছোট ছিল।”

তবে প্রিয়াংকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। মিরা সম্প্রতি কাজ করেছেন ভারতীয় বাংলা সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’-এর বলিউডি সংস্করণ ‘গ্যাংস অফ গোস্ট’-এ। আর সিনেমাটির বিষয়ে মিরা প্রিয়াংকাকে কিছু না বলায় কিছুটা রাগ করেছিলেন তিনি।

মিরা বলেন, “সিনেমাটি পুরোপুরি শেষ হলে তারপরই আমি প্রিয়াংকাকে দেখাব ভেবেছিলাম। প্রিয়াংকা সবসময়ই আমার পাশে ছিল। প্রিয়াংকা আমার বোন। তবে সে জানে আমার আত্মসম্মান অনেক বেশি, তাই আমি কখনও কিছু চাইব না।”

প্রিয়াংকা এর আগে মিরার ‘গ্যাংস অফ গোস্ট’ সিনেমাটির ট্রেইলর টুইটারে শেয়ার করেছিলেন। তিনি লেখেন “আমার বোনের সিনেমা, সবাই দেখবেন।”

মিরার কাছে এটিই ছিল অনেক বড় কিছু। তিনি মনে করেন এতে তিনি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন।

সতীশ কৌশিকের ‘গ্যাংস অফ গোস্ট’-এর পর মিরা বিক্রম ভাটের ‘১৯২০ লন্ডন’ সিনেমায় কাজ করছেন।