একাত্তর নিয়ে শিল্পকলার নাটক
মুক্তিযুদ্ধে ঢাকার মিরপুর ও ফরিদপুর জল্লাদখানায় নৃশংস হত্যাযজ্ঞ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় পরিবেশ থিয়েটার নির্মাণ করেছে নাটক ‘যুদ্ধপুরাণ’ এবং ‘বধ্যভূমি ডট ৭১’।
‘যুদ্ধপুরাণ’-এর নির্দেশনা দিয়েছেন আনিসুর রহমান বরুণ এবং ‘বধ্যভূমি ডট ৭১’ এর নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ মুকুল গ্লিটজকে জানান, ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় মিরপুর জল্লাদখানায় প্রথমবারের মতো মঞ্চস্থ হবে ‘যুদ্ধপুরাণ’।
২০মিনিট দৈর্ঘ্যের এ নাটকে অভিনয় করেছেন ঢাকার বিভিন্ন নাট্য সংগঠনের শিল্পীরা। এদিন আরও চারবার প্রদর্শিত হবে নাটকটি। এরপর ২০ মার্চ এবং ২১ মার্চ একই সময়ে একই স্থানে আরও দশবার মঞ্চস্থ হবে এ নাটক।
মুকুল জানান, ১৯৭১ সালে মিরপুর এলাকার গণ্যমান্য ১৯ ব্যক্তির জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এর মধ্যে একটি চরিত্র শহিদ বুদ্ধিজীবী জহির রায়হানের।
১৯ ব্যক্তির শহিদ হওয়ার গল্প নিয়ে নির্মিত নাটকটি তরুণ প্রজন্মকে যুদ্ধাপরাধীদের বিচারে উজ্জীবিত করতে প্রযোজনা করছে শিল্পকলা।
তিনি আরও জানিয়েছেন, ঢাকায় মঞ্চায়নের পর পরিবেশ থিয়েটার যাবে ফরিদপুর। ফরিদপুর বধ্যভূমির হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত ‘বধ্যভূমি ডট ৭১’-এ অভিনয় করেছেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। সেখানেও তিন দিনব্যাপী মঞ্চায়ন হবে নাটকটির।
২০১২ সালে আশীষ খন্দকারের পরিকল্পনায় যাত্রা শুরু করে শিল্পকলা একাডেমির পরিবেশ থিয়েটার। এর প্রথম প্রযোজনা ‘দিনগুলো কেমন ছিল’। এর নির্দেশনা দিয়েছিলেন আশীষ। এ নাটকের দুটি মঞ্চায়ন হয়েছিল।
পরিবেশ থিয়েটার প্রসঙ্গে মুকুল বলেন, ‘পরিবেশ থিয়েটার আমাদের দেশে অপ্রচলিত নাট্যধারা। সাধারণ থিয়েটার নির্দিষ্ট মঞ্চে মঞ্চস্থ হয়। কিন্তু পরিবেশ থিয়েটারে পরিবেশকে ভিত্তি করে গল্প সাজানো হয়। পরিবেশে কোনো ধরনের পরিবর্তন না করে গল্প, লাইট, সেটের মাধ্যমে নাটক পরিবেশিত হয়।”
