২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের প্রশংসা পেল ‘কুইন’

ভিকাশ বেহলের পরিচালনায় কঙ্গনা রানাউত অভিনীত ‘কুইন’ সিনেমাটি দেখার পর সেটির প্রশংসা করে সবাইকে দেখার অনুরোধ জানিয়েছেন বলিউডি অভিনেতা আমির খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এমন কমই হয়েছে, বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান কোনো সিনেমা সম্পর্কে মতামত দিয়েছেন। তবে গুটিকয়েক যে সিনেমার প্রশংসা তিনি করেন তা অনেক ভেবেচিন্তেই করেন। এবার তার প্রশংসা অর্জন করেছে ‘কুইন’।

জি মিডিয়া ব্যুরো জানায়, ৭ তারিখে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখে টুইটারে তার মতামত জানান আমির।

আমির টুইট করেন, “অসাধারণ একটি সিনেমা। এটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। প্রতিটি নারীর দেখা উচিত। নারীদের পাশাপাশি পুরুষদেরও দেখা উচিত। এমন একটি দারুণ সিনেমা তৈরির জন্য ভিকাশকে ধন্যবাদ। আর কঙ্গনার অভিনয়ও দারুণ।”

নারীকেন্দ্রিক সিনেমা ‘কুইন’ ইতোমধ্যেই বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে। এ সিনেমার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন কঙ্গনা। আমিরের আগে অভিনেত্রী দীপিকা পাড়–কোন সিনেমাটি দেখে কঙ্গনার প্রশংসা করেন। তিনি কঙ্গনার অভিনয় দেখে বলেন, কঙ্গনাকে ‘হিংসা করেন’ তিনি।

আমির কঙ্গনার প্রশংসা করে টুইট করেন, “কঙ্গনা অসাধারণ কাজ করেছে, তার জন্য অনেক ভালোবাসা।”

আমির, দীপিকার পাশাপাশি অনেক বলিউডি ব্যক্তিত্ব প্রশংসা করেছেন সিনেমাটির।

কারান জোহর বলেন, “সিনেমাটিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই প্রশংসার দাবিদার। বিশেষ করে লিসা হেডেনের কথা বলতে চাই আমি। তিনি তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন।”

অভিনেত্রী সোনাক্ষি সিনহা বলেন, “আমি সদ্য ‘কুইন’ সিনেমাটি দেখলাম। কঙ্গনার অভিনয় দারুণ। ভিকাশকেও এমন একটি সিনেমা নির্মাণের জন্য ধন্যবাদ।”

শেখর কাপুর বলেন, “কঙ্গনা রানাউতের অভিনয় ‘কুইন’ সিনেমাকে আরও বেশি নিখুঁত করেছে। সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি।”