২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় প্রাচ্যনাটের ‘গণ্ডার’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বুধবার সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাটের ‘গণ্ডার’-এর ২২তম মঞ্চায়ন হবে। এটি দলের দ্বাদশ প্রযোজনা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:50 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ফরাসি লেখক ইউজিন আইনেস্কোর ‘দ্য রাইনোসরাস’ নাটকের বাংলা অনুবাদ করেছেন জহুরুল হক। ‘গণ্ডার’ নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নির্দেশনার পাশাপাশি কস্টিউম ডিজাইনও করেছেন তিনি। নাটকের সংগীত পরিচালনা করছেন রাহুল আনন্দ।

ইউজিন আইনেস্কো ১৯৫৯ সালে লিখেছিলেন ব্যাঙ্গাত্মক নাটক ‘দ্য রাইনোসেরস’। তার বন্ধুরা যখন সব অন্যায়, অবিচার মুখ ‍বুজে মেনে নিয়েছিল, তখন তাদের কটাক্ষ করে তিনি এ নাটক রচনা করেছিলেন। তার সে নাটক অবলম্বনে ২০০৩ সালে প্রাচ্যনাট মঞ্চে আনে ‘গণ্ডার’।

এ নাটকের তিন কেন্দ্রীয় চরিত্র জেন, বেরেঞ্জার এবং ডেইজি চরিত্রে অভিনয় করছেন ফারহান আদাত, মনিরুল ইসলাম এবং ঋতু সাত্তার।

এতে দেখা যাবে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সদা সোচ্চার বেরেঞ্জারকে নানাভাবে অপদস্থ হতে হয়। তার বন্ধুরা তাকে নানাভাবে নিবৃত্ত করতে চেষ্টা করে। কিন্তু বেরেঞ্জার তাদের কথা শোনে না। একদিন সে দেখে যে তার বন্ধুরা সব ধীরে ধীরে গণ্ডারে পরিণত হয়ে যাচ্ছে। তার প্রিয় বন্ধু জেন এবং সেক্রেটারি ডেইজিও গণ্ডারে পরিণত হয়। তখন বেরেঞ্জার মানবতা রক্ষার কঠিন দায়িত্ব কাঁধে নেয়।

ইমন গ্লিটজকে বলেন, “সমসাময়িক প্রেক্ষাপটে নাটকটি খুবই প্রাসঙ্গিক। আমাদের সমাজে অন্যায়-অবিচার দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কেউ জোর গলায় প্রতিবাদ করে না। প্রাণভয়ে ভীত সব মানুষগুলো কেমন গণ্ডারের মতো হয়ে যাচ্ছে। তাদের জাগিয়ে তুলতেই প্রাচ্যনাটের এ আয়োজন।”

‘গণ্ডার’-এর মাধ্যমেই প্রথমবারের মতো নির্দেশকের খাতায় নাম লিখিয়েছেন ইমন। এরপর তিনি প্রাচ্যনাটের জন্য ‘মায়ের মুখ’ এবং ‘কেনু কাহারের থেটার’ নামে আরও দুটি নাটক নির্দেশনা দিয়েছেন।