অরিন্দমের ‘মেঘপরী’
নিজের লেখা ৮টি কবিতা ও ৭টি গান নিয়ে প্রকাশিত হল অরিন্দম পালের দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘপরী’। আবৃত্তি ও গানের পাশাপাশি অ্যালবামের ৭টি গানের সুরারোপও করেছেন তিনি।
অ্যালবামের অন্য একটি গানের কথা ও সুর করেছেন আরিফ বুলবুল। সংগীতায়োজন করেছেন মাসুম ও জিতু। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নিঝু ও তানহা।
অরিন্দম গ্লিটজকে বলেন, “আমার দ্বিতীয় অ্যালবামের বিষয় প্রেম। এর কবিতা ও গানগুলোতে প্রেম, বিরহ ও বিচ্ছেদগাঁথার নানান সুরেলা উপাখ্যান খুঁজে পাবে শ্রোতারা। প্রথম প্রেমের অনুভূতি দিয়ে শুরু তারপর গভীর প্রেম। এরপর আসবে বিরহ ও বিচ্ছেদ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেছি।”
অ্যালবামের কবিতাগুলো হচ্ছে ‘আকাশগঙ্গা’, ‘পরশ,’ ‘প্রেমের শ্লোগান,’ ‘হয়তো আসবে,’ ‘হৃদয় বন্দরে,’ ‘কথা দিলাম,’ ‘প্রস্থান,’ ‘দুঃখপোকা’। গানগুলো হচ্ছে ‘মেঘপরী,’ ‘হাওয়ায় উড়ে,’ ‘ভালোবাসার মিছিলে,’ ‘তোরে ছাড়া,’ ‘প্রতীক্ষায়,’ ‘মেঘ,’ ‘যদি কোনোদিন,’ ‘সমর্পণ’।
‘মেঘপরী’ অ্যালবামটি বাজারে এনেছে ঈগল মিউজিক।
অরিন্দমের প্রথম একক অ্যালবাম ‘দে ছুট’ প্রকাশিত হয় ২০১০ সালে। অ্যালবামটি বাজারে এনেছিল ফাহিম মিউজিক।
অরিন্দম পালের সংগীতে হাতেখড়ি হয়েছে দুলাল মল্লিকের কাছে। প্রথম অডিও অ্যালবামের পর ২০১১ সালে তিনি জীবনানন্দ দাশের কবিতার উপর ভিডিও ফিকশন ‘একদিন বনলতা সেন’ নির্মাণ করেন। অরিন্দম একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার ও নির্দেশক হিসেবে কাজ করছেন। সেইসঙ্গে তিনি মঞ্চনাটক ও মূকাভিনয় নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করছেন। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও জলছবির সঙ্গে যুক্ত আছেন তিনি।
