২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজবের দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত

সাত বছর বিরতির পর প্রকাশিত হল আজব ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হাজার ভূতের রাজার দয়া’। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

আজব ব্যান্ডের ভোকালিস্ট লাবিক কামাল গৌরব গ্লিটজকে জানান, প্রথম অ্যালবাম প্রকাশের পর তারা নতুনভাবে শ্রোতাদের সামনে আসবেন বলে মনস্থির করেন।

‘হাজার ভূতের রাজার দয়া’ অ্যালবামের কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। এ দীর্ঘ সময়ে তারা গানের কথা, সুর ও সংগীতায়োজন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

অ্যালবামে আজব ব্যান্ডের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে গেয়েছেন আনুশেহ আনাদিল, পবন দাস বাউল এবং স্যাম মিলস। অ্যালবামের সবকটি গানে বিদেশি যন্ত্র গিটার, বেজ এবং ড্রামের সঙ্গে ব্যবহৃত হয়েছে দেশীয় বাদ্যযন্ত্র দোতারা, ঢোল এবং খমক।

‘হাজার ভূতের রাজার দয়া’ বাজারে এনেছে বেঙ্গল মিউজিক।

আজব ব্যান্ডের পথচলা শুরু হয় ২০০০ সালে। ফোক এবং সমসাময়িক বাংলা সুরের সঙ্গে রক, ফাংক এবং অলটারনেটিভ সুরের মিশ্রণে সংগীত তৈরি করতে থাকে তারা।

২০০৬ সালে প্রথম অ্যালবাম ‘আজব’ প্রকাশিত হয়।

২০০৯ সালে আজবের ভোকালিস্ট ও কম্পোজার লাবিক কামাল গৌরব বের করেন তার একক অ্যালবাম ‘পার করো’।

এছাড়া ২০০৯ এবং ২০১০ সালে শিল্পী জোয়ি রহমানের ‘হোয়্যার রিভারস মিট’ এবং ‘লক্ষ্মীটেরা’র সঙ্গে দুটি প্রজেক্টে কাজ করেছেন তিনি।

রিসালাত রাশিদ ২০০৮ সালে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর এবং অ্যালবামে বেজিস্ট হিসেবে কাজ করেছেন।