২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নারীর পাশে নাইটলি-হায়েক

নারী দিবস উপলক্ষে আফগানিস্তানের নারীদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি লিখবেন অভিনেত্রী কিরা নাইটলি এবং সালমা হায়েক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, নাইটলি এবং হায়েকের সঙ্গে এই চিঠিতে নিজেদের নাম ব্যবহার করে সমর্থন দিয়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। আফগান নারীদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাহায্য করার অনুরোধ জানিয়ে ৮ মার্চ পাঠানো হবে এই চিঠি।

২০১৪ সালে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এবং সব ধরনের আন্তর্জাতিক সৈন্যবাহিনী প্রত্যাহার করা হবে আফগানিস্তান থেকে। আর তাই এবার দেশ ও সমাজে ইতিবাচক ধারার পরিবর্তন আশা করছে আফগানরা। এমন অবস্থায় অনেকেই আশা করছেন, হয়ত এবার নিজেদের অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারবেন আফগান নারীরা।

এই বিশেষ চিঠিতে নাইটলি এবং হায়েকের সঙ্গে স্বাক্ষর করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, মাইকেল শিন, জিলিয়ান এন্ডারসন, গ্রেসন পেরি, জোসেফ ফিয়েনস, ডেভ স্টুয়ার্ট এবং এড্রিয়ান লেস্টার।

প্রধানমন্ত্রী ক্যামেরনকে উদ্দেশ্য করে এখানে লেখা হয়েছে-- “তালেবান বাহিনীর বিরোধিতা করে নিজেদের ভোট দেওয়ার অধিকার আদায় করেছেন আফগান নারীরা, যা রীতিমতো দুঃসাহসিক কাজ। তারা আজ সমাজের উচ্চপর্যায়ে চাকরি করছেন এবং সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন। তবে সম্প্রতি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আফগান নারীরা আশংকা প্রকাশ করেছেন, তাদের এই অধিকার হয়ত আবার কেড়ে নিতে পারে সমাজ। গত ছয়মাসে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বেশ কয়েকজন আফগান নারী নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন চারজন পুলিশ, একজন গর্ভবতী স্কুলশিক্ষিকা এবং একজন সরকারী কর্মচারী। এমন অবস্থায় আমরা কোনোভাবেই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা অনুরোধ জানাই, আফগানিস্তানে নির্বাচনের পর নারী অধিকার আইন যেন নবায়ন করা হয়। একজন প্রধানমন্ত্রী হিসেবে আপনার সমর্থন হতে পারে আফগান কর্তৃপক্ষের প্রতি একটি পরিষ্কার বার্তা। যার মাধ্যমে আফগান নারীরা আরও সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবে।”

আফগান নারীদের প্রতি সহিংসতা নিরোধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো হবে এই চিঠি।

২০০৪ সাল থেকে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পেয়েছেন আফগান নারীরা। তালেবান শাসনের অবসান ঘটার পর গত এক দশকে অনেক উন্নত হয়েছে আফগান নারীদের জীবন। প্রতিরক্ষা বাহিনী, শিক্ষার পাশাপাশি রাজনীতিতেও এখন নারীদের অংশগ্রহণ লক্ষণীয়।

বেশ কয়েক বছর ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র হিসেবে কাজ করছেন অভিনেত্রী নাইটলি। মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকও নারী নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছেন।