দুরন্ত ‘অগ্নি’
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র (অন্তত প্রযোজকদের দাবি তা-ই)।
প্রচারণায় ঘাটতি ছিল না। তবে দুই দফায় মুক্তি পিছিয়ে দেওয়ায় কিছুটা যেন টান পড়েছিল আলোচনায়। বক্স অফিসের বিপুল সাড়া সেই আশঙ্কা উড়িয়ে দিল। কেমন এই ‘অগ্নি’?
সিনেমায় ‘অগ্নি’ নায়িকা চরিত্রের, মানে মাহিয়া মাহির নাম। ঠিক নাম নয়, কোডনেইম। ভালো নাম তানিশা। আর নায়কের কোডনেইম ড্রাগন। নায়ক-নায়িকার নামের এই রসায়ন, তথা ড্রাগনের সঙ্গে আগুনের যে একটা সম্পর্ক আছে, তা মাথায় রেখে তাদের কোডনেইম নির্ধারণ করাটা মন্দ হয়নি। আর নায়িকা চরিত্র কেন্দ্রে রেখে এ রকম বিগ বাজেট মুভি বানানোটাও বাংলাদেশে নতুনতর। তবে পোস্টারে যেমন মাহি একাই পুরো আলো নিয়ে রেখেছেন, সিনেমাতে তেমনটি নয়। বরং নায়ক ড্রাগনও বেশ স্পেইস পেয়েছে। চরিত্রটিতে অভিনয় করা শুভ-ও বেশ আলো কেড়েছেন। সব মিলিয়ে প্রচারণায় শুভ একটু অবহেলিত হয়েছেন বলে মনে হয়।
সিনেমাটি টাইটেল দিয়ে শুরু হয়নি, বরং টাইটেল অংশের আগেই লম্বা একটি সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটিতে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে অগ্নির সঙ্গে। রীতিমতো ছদ্মবেশ ধরে অগ্নি খুন করে এক খলনায়ককে। আর তার মধ্য দিয়ে দর্শকদের পরিচয় হয় মারদাঙ্গা অগ্নির সঙ্গে। আর তারপর টাইটেল।
টাইটেল অংশ সিনেমাটির সমান্তরালে স্মার্ট হয়ে উঠতে পারেনি। আর দৃষ্টিকটু বানান ভুলের প্রচলিত প্রথা এই সিনেমায় এসে একেবারে চূড়া স্পর্শ করেছে। বানান ভুলের জাদুস্পর্শে পরিচালক ‘ইফতেখার চৌধুরী’ হয়ে গেছেন ‘ইফতেকার চৌধুরী’! এমনকি ইংরেজিতেও তাই লেখা হয়েছে।
সিনেমার কাহিনি অবশ্য বেশ জমাটবদ্ধ। বিরতির আগ পর্যন্ত কাহিনি দুরন্তগতিতে এগিয়েছে। সে গতি মন্থর হতে পারেনি মূলত প্রচুর অ্যাকশন দৃশ্য থাকায়। তবে বিরতির পর কাহিনির জট খুলতে থাকে। ফলে অ্যাকশন দৃশ্য কমে আসে। কাহিনিও একটু স্বাভাবিক গতিতে ছুটতে থাকে।
কাহিনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্স। এই ফ্ল্যাশব্যাকের ব্যবহারও বেশ ভালো। অগ্নি কেন ‘অগ্নি’ হয়ে উঠল, তার কারণ নিহিত এই সিকোয়েন্সে। আর একেকজন খলনায়ককে খুন করার আগে অগ্নির চোখের সামনে ভেসে ওঠে সেই ফ্ল্যাশব্যাক। পরে ড্রাগনের সামনে অগ্নির মূল পরিচয় উন্মুক্ত হলে, অগ্নি যখন ড্রাগনকে সেই কাহিনি বলতে থাকে, তখন ড্রাগনের সঙ্গে সঙ্গে দর্শকরাও জানতে পারে তা।
সেই উপকাহিনিতেও বেশ কিছু চমক আছে। বিশেষ করে নায়িকার বাসের বক্সে করে পালিয়ে আসাটা বেশ বুদ্ধিদীপ্ত। আর নায়িকা যেভাবে মেমোরি কার্ড গিলে ফেলে পুলিশের কাছে নিয়ে আসে, সেটা আরও বুদ্ধিদীপ্ত। আর গলায় আঙুল দিয়ে বমি করে সেই কার্ড বের করাটাও বিশ্বাসযোগ্যই হয়েছে।
তবে নায়িকা ছোট হলেও, তার সামনেই খলনায়ক মিশা সওদাগর যেভাবে ফোনে ষড়যন্ত্রের কথা বলে, সেটা একটু অবিশ্বাসযোগ্য হয়ে যায়। বদলে, ছোটবেলার নায়িকাকে পাশের রুমে পাঠিয়ে দেওয়া যেত, সেখান থেকে সে দেয়ালে কান পেতে ষড়যন্ত্রের কথা শুনে ফেলতে পারত।
নায়ক-নায়িকার সম্পর্ক যেভাবে এগিয়েছে, সেটাও বেশ আগ্রহ জাগানিয়া। ড্রাগন অগ্নির পরিচয় না জেনে তাকে ভালোবেসে ফেলে। আর অগ্নিও ড্রাগনকে নিজের প্রতিশোধ গ্রহণের মিশনে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে করতে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপর ড্রাগন বারবার অগ্নির কাছে আত্মসমর্পণ করতে চায়, আর আশ্বাস দিতে থাকে, অগ্নি তাকে গ্রহণ করলে সে আগ্নেয়াস্ত্র ছেড়ে দেবে। নতুন করে জীবন শুরু করবে। পরে ড্রাগনের সামনে অগ্নির আসল পরিচয় উন্মোচিত হলে, ড্রাগন অগ্নির সঙ্গে হাত মেলাতে চায়। তখন তো বটেই, শেষ মারামারিতে দুজনে মিলে সব খলনায়কদের পিটিয়ে তক্তা বানানোর পরও অগ্নি গ্রহণ করতে চায়নি ড্রাগনকে। শেষ পর্যন্ত অবশ্য সে ড্রাগনকে গ্রহণ না করে থাকতে পারেনি। দুজনের মিলনের মধ্য দিয়েই সিনেমাটির ‘সমাপ্তি’ ঘটে।
তবে সিনেমাতে কাবিলা-ডেইজির উপকাহিনি নিয়ে আরেকটু ভাবার দরকার ছিল। বিশেষ করে এই উপকাহিনিকে ঘিরে যে স্থূল কৌতুকটি করার চেষ্টা করা হয়েছে, যে কৌতুকের মূলে আছে ডেইজির বাংলা জেনেও না জানার ভান করা, সেই কৌতুকটি ভিন্নভাবেও করা যেত। কাবিলার অভিনয় সর্বদাই দর্শক উপভোগ করে। তাই বলে পুরো সিনেমার সঙ্গে সঙ্গতি না রেখে কাবিলাকে দিয়ে দর্শকদের কাতুকুতু দেওয়াটা মোটেও কাম্য নয়।
সর্বোপরি কাহিনিকে অ্যাকশনধর্মী হিসেবে মেনে নিতে অবশ্য খুব একটা সমস্যা হয় না। অ্যাকশন সিনেমার অ্যাকশন সিনগুলো যেমন দুর্দান্ত হওয়া উচিত, তেমনই হয়েছে। আর অ্যাকশন সিনগুলোতে যেমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে তলোয়ারও। খালি হাতের মারামারিও আছে যথেষ্ট। আছে ইয়টে মারামারিও। বাইকে তাড়া করার পাশাপাশি স্পিডবোটে তাড়া করার দৃশ্যও আছে। যদিও বিভিন্ন অ্যাকশন দৃশ্য বিভিন্ন সিনেমার কথা খানিকটা করে মনে করিয়ে দেয়, তথাপি অ্যাকশনে পরিপূর্ণ সিনেমাটি দর্শকদের তুষ্ট করতে পারারই কথা। অন্তত সিনেমাটির অ্যাকশন স্টান্ট নিয়ে আপত্তি করাটা মোটেও উচিত হবে না।
অ্যাকশন স্টান্টের পাশাপাশি বিভিন্ন কৌশলী অ্যাকশন দৃশ্যগুলোও ভালো হয়েছে। উদাহরণ হিসেবে গণিকা সেজে গাড়িতে চড়ে খুন করার দৃশ্যায়নটির কথা বলা যেতে পারে। সে দৃশ্যে গাড়ি থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ার দৃশ্যটি দুর্দান্ত হয়েছে। এমন প্রশংসনীয় সিন আছে অনেকগুলো।
তবে শুভ-মাহি গোলাগুলি আরও কম থাকলে ভালো হত; যেহেতু ড্রাগন (শুভ) নিরাপত্তা প্রদানে অসাধারণ, কাজেই তার গোলাগুলিতে দক্ষতাও অসাধারণ হওয়া উচিত। আর তাই অগ্নিকে এতবার গুলি করেও কেবল একবার পায়ে লক্ষ্যভেদ খানিকটা প্রশ্নবিদ্ধ হতে পারে।
তবে সেই লক্ষ্যভেদের পরে মাহির পা গড়িয়ে পড়া রক্তের মাধ্যমে ড্রাগন যে অগ্নির আসল পরিচয় জানতে পারে, এই ট্রিটমেন্টটি বেশ ভালো হয়েছে। আর অগ্নি-ড্রাগনের সেই পরিচয়-উন্মোচনকারী মোলাকাত শেষে অগ্নি যে উপায়ে পালিয়ে যায়, তা সম্পূর্ণত যুক্তিসংগত না হলেও, বেশ চমকপ্রদ। এ হেন পরিস্থিতিতে ও রকম চমকপ্রদ কিছুই দর্শক প্রত্যাশা করে।
গানগুলোও ভালো হয়েছে। আইটেম সং ‘নেশায় নেশায় এ মন তোকে চায়’-এর কোরিওগ্রাফি দুর্দান্ত। কোরিওগ্রাফিতে অবশ্য একটা ছোট্ট গলদ আছে। ব্যাংককের বারে কোনো ব্যাংককবাসী বা বিদেশি না রেখে কেবল বাংলাদেশিদের রাখাটা কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখার বিষয়। তবে বারের নাম ‘বাংলানাইট’ দিয়ে সে গলদের এক রকম ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কাজেই গলদটি মেনে নেওয়া যায়।
সিনেমার বাকি গান এবং সেসব গানের কোরিওগ্রাফিও বেশ ভালো। গানগুলোর মধ্যে ‘অগ্নিগিরির অগ্নি আমি’ গানটি অসাধারণ। ‘ভালোবাসি তোকে’, ‘সহে না যাতনা’ এবং ‘আমি অগ্নি আমি ধ্বংস’ গানগুলোও ভালো। ভালো সবগুলোর কোরিওগ্রাফিও।
সিনেমাতে মাহিয়া মাহি ভালো অভিনয় করেছেন। বিশেষ করে চরিত্রের দুই রূপ ফুটিয়ে তোলাটা বেশ জটিল ছিল; অগ্নি ড্রাগনের সামনে তানিশা হয়ে থাকার অভিনয় করে, যে তানিশা পিস্তল দেখলেই ত্রাহি রবে চারপাশ কাঁপিয়ে তোলে। তবে বেশি ভালো অভিনয় করেছেন আরেফিন শুভ। বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে অগ্নিকে ফুল দেওয়া অনুশীলনের সিকোয়েন্সটা দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে মাহি-শুভ জুটি মন্দ দাঁড়ায়নি, প্রযোজকরা এই জুটিকে আরও কয়েকটি সুযোগ দিয়ে দেখতে পারেন, ফলাফল কী দাঁড়ায়।
খলনায়ক চরিত্রে মিশা সওদাগর (হায়দার) বরাবরের মতোই ভালো করেছেন। ভালো করেছেন আলীরাজও (গুলজার)। সানু শিবা (জাহাঙ্গীর), ডন (কিবরিয়া) সহ অন্যান্যদের অভিনয়ও মন্দ হয়নি। তবে খলনায়কদের চরিত্রায়নে একটি চমকও ছিল। এক খল চরিত্রে অভিনয় করেছেন পরিচালক স্বয়ং; কামাল চরিত্রে কাস্ট হয়েছেন ‘ইফতেখার চৌধুরী’ নিজেই।
কাবিলা বরাবরই স্বস্তিদায়ক কমেডিয়ান হলেও, তার চরিত্র ‘অগ্নি’তে খানিকটা পীড়া দিয়েছে। তাতে অবশ্য কৃতিত্ব কাবিলার নয়, বরং চিত্রনাট্যকারের। কাবিলা ড্রাগনের মামা। অথচ ড্রাগনের বাবা বাংলাদেশি, মা থাই। এখন সমস্যা হল, কাবিলা কীভাবে ড্রাগনের থাই মায়ের ভাই হয়? এই সমস্যার এক রকম সমাধান বের করা যেত, যদি কাবিলা খুন হওয়ার পর ড্রাগন বলে না বসত যে, পৃথিবীতে তার একমাত্র রক্তের সম্পর্কের আত্মীয়কে খুন করা হয়েছে। ফলে কাবিলাকে ড্রাগনের মায়ের রক্তের সম্পর্কের ভাই বানানোটা একটু দুরূহ-ই হয়ে পড়ে। পাশাপাশি সকল সিনেমায় কাবিলাকে একই চরিত্রে, এবং তার নামও কেবল ‘কাবিলা’-ই রাখার ছেদ টানাও জরুরি হয়ে পড়েছে। অবশ্য ‘অগ্নি’তে কাবিলা চরিত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। বরাবরই বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে আসা কাবিলা এখানে বরিশাল-সিলেট ইত্যাদি অঞ্চলের ভাষা মিশিয়ে এক অন্য রকম বাংলায় কথা বলেছে। -বিষয়টা কৌতুককর হলেও, তার স্থূলত্ব একটু বেশি।
‘অগ্নি’র সংলাপও ভালো হয়েছে। সংলাপ অনেকটাই প্রথাগত বাংলা সিনেমার বোঝা বর্জিত। কেবল প্রত্যেকবার অগ্নিকে তাড়া করার সময় ড্রাগনের ‘স্টপ’ বলে চিৎকার করাটা বেখাপ্পা শুনিয়েছে। বিপরীতে অ্যাকশন দৃশ্যগুলোতে অগ্নির সংলাপগুলো ছিল দারুণ। বিশেষ করে শেষ মারামারির সময় অগ্নির ‘গুলজার গুলজার গুলজার’ সংলাপটি। ড্রাগনের প্রেমময় সংলাপগুলোও মন্দ ছিল না। তবে থাই সংলাপগুলো আরও বিশ্বাসযোগ্য করা খুবই জরুরি ছিল। বিশেষ করে শুভর মুখে থাই সংলাপ রীতিমতো হাস্যকর শুনিয়েছে। আর তার মুখ্য কারণ থাই সংলাপের বিপরীতে বাংলা সাবটাইটেল না দেওয়া। বাংলা চলচ্চিত্রে এমনকি ইংরেজি সংলাপ ব্যবহৃত হলেও বাংলা সাবটাইটেল দেওয়া উচিত। এটা একেবারেই চালচ্চিত্রিক সাধারণ জ্ঞান। তার উপর এখানে ভাষাটা ছিল থাই, যে ভাষা বাংলাদেশের প্রায় শতভাগ দর্শকের কাছেই অবোধ্য। ভুলভাল থাই বলে নিচে ঠিকঠাক বাংলা সাবটাইটেল দেওয়া হলেও তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ অন্তত থাই না-জানা দর্শকদের থাকত না।
সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে। ভালো হয়েছে লাইটিংও। বিশেষ করে ইনডোর শটগুলোতে লাইটিংয়ের কাজ খুবই ভালো হয়েছে। স্পেশ্যাল ইফেক্টের ব্যবহারও খুব বেশি পীড়া দেয়নি, বরং সেগুলোরও প্রশংসা প্রাপ্য। সাউন্ড ডিজাইনিং দারুণ হয়েছে। ভালো হয়েছে রূপসজ্জা ও পোশাক নির্বাচনও, বিশেষত নায়ক-নায়িকার তথা শুভ-মাহির।
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। প্রযোজক মোহাম্মদ আবু বকর। প্রযোজনা করেছে সেভেন স্টার ফিল্মস। পরিবেশক ছিল জাজ মাল্টিমিডিয়া। চিত্রনাট্য রচনা করেছেন ইফতেখার চৌধুরী ও আব্দুল্লাহ জহীর বাবু।
সব মিলিয়ে চলতি বাংলা সিনেমার ধারায় ‘অগ্নি’কে ভালো সিনেমার ট্যাগ দেওয়া যেতেই পারে। বিগ বাজেটের ছবিটি ব্যবসাও ভালোই করছে। এমনি সিনেমাকে আমাদেরও সম্ভবত উৎসাহ দেওয়া উচিত, যেহেতু অন্তত সিনেমাটিতে বিশাল বাজেটের নিতান্ত অপচয় ঘটেনি। আর বছরে বিগ বাজেটের একাধিক সিনেমা আমাদের সবেধন নীলমনি ইন্ড্রাস্ট্রিকেও সম্ভবত আরেকটু এগিয়ে নিয়ে যাবে। কাজেই দর্শকের উচিত হবে, সিনেমাটির ডিভিডি বের হওয়ার বা পাইরেটেড কপি অনলাইনে আসার অপেক্ষা না করে, সিনেমা হলে গিয়ে ‘অগ্নি’ দেখে ফেলা।
