‘গুলাব গ্যাং’র যাত্রায় আদালতের ছাড়পত্র
ভারতের আদালত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ৭ মার্চই মুক্তি পেতে যাচ্ছে মাধুরী দীক্ষিত অভিনীত চলচ্চিত্র ‘গুলাব গ্যাং’।
যাকে ঘিরে চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে, সেই সাম্পাত পালের এক আবেদনে ভারতের নয়াদিল্লি হাই কোর্টের একটি একক বেঞ্চ এটি প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে।
বৃহস্পতিবার হাই কোর্টেরই একটি দ্বৈত বেঞ্চ আগের দিনের একক বেঞ্চের দেয়া নিষেধাজ্ঞা অকার্যকর করেন।
আদালতের রায় পেয়ে নির্মাতারা শুক্রবারই চলচ্চিত্রটির প্রদর্শন শুরু করবেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
আদালতের ওই নিষেধাজ্ঞার নেপথ্যে ছিলেন বাস্তব জীবনের ‘গুলাবি গ্যাং’ -এর মূল ব্যক্তি সাম্পাত পাল।
নারী অধিকার কর্মী সাম্পাত এবং তার দলের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ‘গুলাব গ্যাং’য়ের কাহিনি। সিনেমার মতো বাস্তবেও তারা গোলাপি রংয়ের শাড়ি পরে আন্দোলনে অংশ নেন।
সম্প্রতি ‘গুলাব গ্যাং’ সিনেমার মুক্তি বন্ধ করতে দিল্লি হাই কোর্টের শরণাপন্ন হন সাম্পাত। তার অভিযোগ, চলচ্চিত্রটি তার অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে।
তবে সিনেমার গল্পের সঙ্গে নারী অধিকার কর্মী সাম্পাত পালের জীবন ও কর্মের কোনো সম্পর্ক নেই মর্মে একটি ঘোষণা প্রচার করবেন বলে নির্মাতারা আদালতের কাছে প্রতিশ্রুতি দেন।
এর আগে সিনেমার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছিলেন সাম্পাত। এতে এমন কিছু দৃশ্য রয়েছে, যা তার মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে বলে দাবি করেন তিনি।
সাম্পাতের অভিযোগকে আমলে এনে হাই কোর্টের একক বেঞ্চ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ‘গুলাব গ্যাং’ -এর যে ট্রেইলার দেখানো হয়েছে সেখানে সাম্পাতকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।
তবে ‘গুলাব গ্যাং’সিনেমার প্রযোজকদের দাবি, সিনেমাটির মুক্তি বানচাল করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছেন সাম্পাত।
তারা অভিযোগ করেন, ২০১৩ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল ‘গুলাব গ্যাং’এর শুটিং, সাম্পাত চাইলে তখনই শুটিং বন্ধ করার একটি নোটিস পাঠাতে পারতেন।
নারীকেন্দ্রিক সিনেমা ‘গুলাব গ্যাং’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত এবং জুহি চাওলা। সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং’ নির্মিত হয়েছে বাস্তবজীবনে ভারতের নারী অধিকার কর্মী সাম্পাত পাল এবং তার দল ‘গুলাবি গ্যাং’-এর কাহিনি নিয়ে।
এখানে সাম্পাতের ভূমিকায় অভিনয় করেছেন মাধুরী। আর মাধুরীর বিপরীতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন জুহি চাওলা।
উত্তর প্রদেশের আলোচিত নারীকর্মী দল ‘গুলাবি গ্যাং’-এর প্রতিষ্ঠাতা হলেন সাম্পাত পাল। পাঁচ সন্তানের মা সাম্পাত এবং তার দল ভারতের প্রত্যন্ত অঞ্চলে নারীদের ওপর সংঘটিত অত্যাচার এবং নিপীড়ন প্রতিরোধে কাজ করে থাকেন।
গুলাবি গ্যাংয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই দলের সকল নারী গোলাপি রংয়ের শাড়ি পরেন।
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত গুলাবি গ্যাংয়ের সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার। ভারতের বিভিন্ন অঞ্চলে বাল্যবিবাহ প্রথা বন্ধ করেছে এই গুলাবি গ্যাং।
