অন্তঃসত্তা জোহানসন?
হলিউডে এখন জোর গুঞ্জন, প্রথমবারের মতো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। বাগদত্ত রোমেইন ডোরিয়াকের সন্তানের মা হবেন তিনি।
ই!নিউজ ২৯ বছর বয়সী ওই অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ করে প্রথমবারের মতো। তাদের দাবি অনুযায়ী, ‘নিভরযোগ্য’ সূত্রের দেওয়া তথ্য অনুসারে জোহানসন এখন পাঁচ মাসের অন্তঃসত্তা।
ছমাস আগে জোহানসনের সঙ্গে ডোরিয়াকের বাগদানের খবরটি সবার প্রথমে প্রতাশ করে ই!অনলাইন। পরবর্তীতে জোহানসন নিজেই নিশ্চিত করেন ওই খবর।
২০১৩-এর সেপ্টেম্বর মাসে আংটি বদল করেন ওই জুটি।
ভেনিসের চলচ্চিত্র উৎসবে জোহানসন প্রথমবার তার অনামিকার আংটিটি সকলের সামনে তুলে ধরেছিলেন।
২০১২-এর নভেম্বর মাসে জোহানসন ডোরিয়াকের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানিয়েছিলেন। এর কিছুদিন আগেই তার আগের প্রেমিক নেট নেলরের সঙ্গে তার এক বছরের সম্পর্কের ইতি টানেন।
২০০৮ সালে অভিনেতা রায়ান রেনল্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জোহানসন। তিনবছর সংসারের পর ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের। রেনল্ডের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সাল পর্যন্ত সহ-অভিনেতা জশ হারনেটের সঙ্গে দুই বছর ডেট করেছিলেন জোহানসন।
সেপ্টেম্বর মাসে আংটি বদল করলেও বিয়ের তারিখ সম্পর্কে কখনও নিশ্চিত করে কিছু বলেননি জোহানসন। ১৫ জানুয়ারি ‘গুড মর্নিং আমেরিকা’ শো-এ জোহানসন জানান, বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।
তবে ডিসেম্বর মাসে ডেইলি মেইলকে জোহানসন অন্য কথা বলেছিলেন।
জোহানসন বলেন, “আমি নিজের পরিবার চাই। নিজের সন্তান এবং পরিবার পেলে সত্যিই খুব ভালো হয়। সবাই বলে সঠিক সময় বলে কিছু নেই। আমিও তা বিশ্বাস করি তবে, সবকিছুর জন্য পরিকল্পনা করা খুবই জরুরি।”
জোহানসন আরও বলেন, “আমি সত্যিই ভাগ্যবান যে, ২০ বছর দীর্ঘ একটি সময় ধরে আমি কাজ করে যাচ্ছি। এরমধ্যে পরিবার নিয়ে চিন্তা করার সময় পাইনি। তবে এখন সময় এসেছে পরিবার নিয়ে চিন্তা করার।”
তবে বিয়ে তার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন ওই অভিনেত্রী। তিনি বলেন, “বিয়ে মূল বিষয় নয় আমার জন্য। মানুষ যখন আমাকে এ নিয়ে প্রশ্ন করে, তখন আমি শুধু বিয়ে নিয়ে চিন্তা করি। কাজ করতেই এখন বেশি ভালো লাগে।”
তবে এ সিদ্ধান্ত হয়তো পরিবর্তন এনেছেন ‘অ্যাভেঞ্জারস’-এর ‘ব্ল্যাক উইডো’-খ্যাত ওই অভিনেত্রী। আর তাই আরও একবার সংসার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
