২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদীপ চক্রবর্তীকে নাট্যপার্বন সম্মাননা

নাট্য নির্দেশনা, পরিকল্পনা ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর থিয়েটার প্রবর্তিত ‘নাট্যপার্বন সম্মাননা ২০১৪’ পেলেন নির্দেশক ও সংগঠক সুদীপ চক্রবর্তী।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পাঁচ দিনব্যাপী আয়োজিত নাট্যপার্বনের ৪র্থ সন্ধ্যা শনিবারে এ সম্মাননা প্রদানের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়|

তাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক অনন্ত হীরা।

সুদীপ চক্রবর্তী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষকতা করছেন। পাশাপাশি ‘থিয়েট্রেক্স’ বাংলাদেশ নামের একটি রেপারর্টরি নাট্যদলের প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন। তার নির্দেশিত নাটক একাধিক দেশে মঞ্চায়িত হয়েছে। ‘মহাজনের নাও’, ‘লালজমিন’, ‘ম্যাকবেথ’, ‘জ্যোতি সংহিতা’, ‘ফনা’ এবং ‘কবর’ তার উল্লেখযোগ্য নির্দেশনা।

সুদীপ গ্লিটজকে বলেন, “এ সম্মাননা আমার একার না। নাটকের দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাট্যকর্মী, নাট্যকারসহ আমি যাদের সঙ্গে নির্মাণ, গবেষণা, প্রশিক্ষণ ইত্যাদি কাজগুলো করেছি, এ সম্মাননা তাদের পরিশ্রমের ফসল।”

সম্মাননা প্রদান শেষে প্রাঙ্গনেমোর নাট্যদল পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘নাট্য পার্বন ২০১৪’ শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে।

২ মার্চ উৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাট্য প্রযোজনা ‘সময়ের প্রয়োজনে’।জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী।