২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক হতে চেয়েছিলেন অ্যাডামস

স্কুল পর্যায়ে রসায়ন বিষয়ে ফেল করার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চিকিৎসক হতে পারেননি হলিউডি অভিনেত্রী এমি অ্যাডামস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:22 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন শৈশবের এমি। কিন্তু বিজ্ঞানে কাঁচা ছিলেন বলে চিকিৎসক হতে পারেননি তিনি।

সম্প্রতি পিপল পত্রিকাকে এমি বলেন, “আমি সবসময় একজন ডাক্তার হতে চাইতাম। ভেবেছিলাম ডাক্তার হতে না পারলে অভিনেত্রী হব। কিন্তু স্কুল পর্যায়ে রসায়ন বিষয়ে ফেল করার পর শেষ পর্যন্ত অভিনয়কেই বেছে নিতে হল।”

পেশাগত জীবনে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে ভালোভাবেই একজন মায়ের ভূমিকা পালন করছেন এমি। বাগদত্ত ড্যারেন লে গালোর সঙ্গে এমির রয়েছে তিন বছরের মেয়ে আভিয়ানা।

সংসার এবং ক্যারিয়ারের মধ্যে বোঝাপড়া বজায় রাখার ক্ষেত্রে অভিনেত্রী মেরিল স্ট্রিপকে নিজের অনুপ্রেরণা মনে করেন তিনি। কারণ স্ট্রিপের নিজের রয়েছে চার সন্তান।

এমি বলেন, “আমি অনেক শিল্পীকেই নিজের অনুপ্রেরণা মনে করি। বিশেষ করে অভিনেত্রী মেরিল স্ট্রিপ ভালো করেই জানেন তিনি আমার অনুপ্রেরণা। কারণ তিনি আজ যে পর্যায়ে এসে পৌঁছেছেন, তার মূল রহস্য হল সংসার এবং ক্যারিয়ারের মধ্যকার বোঝাপড়া। তাই শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন মা হিসেবেও তিনি আমার অনুপ্রেরণা।”

চলতি বছর ‘আমেরিকান হাসল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন এমি অ্যাডামস। এই সিনেমার জন্য বাফটা মনোনয়ন ছাড়াও পেয়েছেন অস্কারের মনোনয়ন।

এ বছর মুক্তি পাবে এমির দুটি সিনেমা 'লুলাবাই' এবং 'বিগ আইজ'।