নারীকেন্দ্রিক সিনেমায় দীপিকা
সুজিত সরকারের পরিচালনায় এবার একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।
এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, সিনেমাটির নাম হবে ‘পিকু’। এর শুটিং শুরু হবে চলতি বছরের এপ্রিল মাস থেকে।
সূত্রটি জানায়, রণবীর কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘উইন্ডো সিট’এর শুটিং শুরু করার আগেই এই সিনেমার শুটিং করবেন দীপিকা।
তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য জানাতে রাজি হননি সুজিত।
সুজিত মিডডেকে বলেন, “অমিতাভ বচ্চন এবং ইরফান খানের সঙ্গে আমি এখনও এই সিনেমার চিত্রনাট্য নিয়ে আলোচনা করছি। আর দীপিকার সঙ্গে আমি এখনও চুক্তিবদ্ধ হইনি।”
এ ব্যাপারে কোনো কথা বলেননি দীপিকা নিজেও।
দীপিকা এখন ব্যস্ত আছেন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিংয়ে। ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’কে ধরা হচ্ছে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত একটি সিনেমা হিসেবে। দীপিকার সঙ্গে এতে অভিনয় করছেন শাহরুখ খান এবং অভিষেক বচ্চন।
২০১৩ সালে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়ার পর এ বছর দীপিকার ব্যস্ততা বেড়েছে আরও কয়েক গুণ। স¤প্রতি লাগাতার ৩০ ঘণ্টা কোনো বিশ্রাম ছাড়াই কাজ করার পর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।
চিকিৎসকের নির্দেশে আপাতত সম্পূর্ণ বিশ্রাম করছেন দীপিকা। সুস্থ হয়ে ফিরবেন ‘পিকু’ সিনেমার শুটিংয়ে।
‘হ্যাপি নিউ ইয়ার’ ছাড়াও চলতি বছর মুক্তি পাবে দীপিকার আরও দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে তামিল সিনেমা ‘কোচাদাইয়া’ এবং ইংরেজি সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’।
