২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে ‘হিরোজ’

এনবিসি চ্যানেলের জনপ্রিয় সাইফাই ড্রামা ‘হিরোজ’ এবার ফিরবে মিনিসিরিজ হিসেবে। ১৩ পর্বের এই মিনিসিরিজ প্রদর্শিত হবে ২০১৫ সালে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি এনবিসিতে প্রচারিত হয়েছে ‘হিরোজ রিবর্ন’ নামে এই মিনিসিরিজের প্রোমো।

ভক্তদের জন্য সুখবর হল,সম্পূর্ণ নতুন ১৩টি পর্ব নিয়ে তৈরি হবে এই মিনিসিরিজ।

তবে এ বিষয়ে এখনই কোনো বাড়তি তথ্য জানাতে চাচ্ছেন না সিরিজের নির্মাতারা।

এ বিষয়ে এনবিসির বিনোদন প্রধান জেনিফার সালকে বলেন, “২০০৬ সালে যখন প্রথম প্রচারিত হয় ‘হিরোজ’,তখন দর্শকের ব্যাপক সাড়া পেয়েছিলাম আমরা। এ ধরনের অনুষ্ঠান সবসময় টিভিতে দেখা যায় না, আর আমরা মনে করছি এই সিরিজের নতুন একটি কিস্তি শুরু করার জন্য সঠিক সময় এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা খুবই উত্তেজিত কারণ এই সিরিজের নির্মাতা টিম ক্রিং নতুন করে এর কাজ শুরু করেছেন। যতদিন না পর্যন্ত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, ততদিন আমরা এ ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চাই। তবে সিরিজের পুরনো কলাকুশলীরা এবার থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।”

মিস্ট্রি এবং ফ্যান্টাসি ধাঁচের টিভি সিরিজ ‘হিরোজ’ প্রচারিত হয় ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। মোট চারটি সিজনের এই সিরিজ একাধিকবার গোল্ডেন গ্লোব এবং এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়।

নির্মাতা টিম ক্রিংয়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছিলেন জ্যাকারি কুইনটো, হেইডেন পেনেটিয়ার, জ্যাক কোলম্যান এবং অ্যালি লারটারের মতো টিভি তারকা।