২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতার বাড়িতে শিশুর মৃতদেহ

বলিউডি অভিনেতা মেহনিশ বেহলের বাড়িতে সম্প্রতি পাওয়া গেছে এক নবজাতকের মৃতদেহ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 05:14 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

দুদিন বয়সী শিশুটি একটি মেয়ে বলে মুম্বাই পুলিশের এক সূত্র নিশ্চিত করেছে।

টাইম অফ ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের অদূরে মুমব্রা এলাকায় অবস্থিত মেহনিশের ফার্মহাউজের সুইমিং পুলে পাওয়া যায় শিশুটির লাশ। ঐ সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মুমব্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এক বা একাধিক ব্যক্তি শিশুটির লাশ ঐ বাড়িতে রেখে গেছে।

মুমব্রা পুলিশের এক সূত্র জানিয়েছে, ফার্মহাউজের দারোয়ান প্রথম শিশুটির লাশ সুইমিং পুলে দেখতে পান। পুলের পানিতে প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে ফেলে রাখা হয়েছিলো মৃতদেহটি।

পুলিশের উদ্ধৃতি দিয়ে এশিয়ান এইজ পত্রিকা জানায়, শিশুটির লিঙ্গ পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পোস্টমর্টেমের জন্য লাশ নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। প্রিমা নামে একজন নারী পুলিশ কনস্টেবল নিশ্চিত করেছেন যে এটি মেয়ে শিশুর লাশ। তবে এখনও জানা যায়নি মৃত্যুর কারণ।

অভিনেতা মেহনিশ বেহলের এই ফার্মহাউজটি অনেক বছর ধরে খালি পড়ে রয়েছে। এশিয়ান এইজ পত্রিকার প্রতিবেদনে বলা হয় খবর পাওয়ার পর দারুণ বিস্ময় প্রকাশ করেন এই অভিনেতা।

মেহনিশ বেহল প্রায় ত্রিশ বছর ধরে ভারতের টেলিভিশন এবং সিনেমায় অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘কয়লা’ ‘পেয়ার কি ছায়া’ ইত্যাদি। ক্যারিয়ারের প্রথমদিকে তিনি মূলত খলনায়ক চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি ইতিবাচক পার্শ্বচরিত্রে অভিনয় করে থাকেন।