চেন্নাইতে বাংলাদেশের ‘সাজ’
ভারতের চেন্নাইতে প্রথমবারের মতো আয়োজিত ‘চেন্নাই আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ শনিবার প্রদর্শিত হল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজ -- মেক আপ’। এটি নির্মাণ করেছেন দুই তরুণ নির্মাতা সাকিব আল কাদির ও জুবায়ের আলম।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই উৎসবের তৃতীয়দিনে ‘নন কম্পিটিটিভ ওয়ার্ল্ড সিনেমা সেকশন’ বিভাগে প্রদর্শিত ‘সাজ’ সাকিবের বানানো দ্বিতীয় চলচ্চিত্র হলেও জুবায়েরের প্রথম।
সাকিব গ্লিটজকে জানান, ২০১৩ সালের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেন তারা। সে বছরের ডিসেম্বরে কলকাতার চিত্রাবাণী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয় ‘সাজ’। এরপর তারা ফেইসবুকের মাধ্যমে চেন্নাই উৎসবের কথা জানতে পারেন। চলতি বছর জানুয়ারিতে উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেন তারা।
৩ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রে নারীর জীবনযুদ্ধের একটি করুণ চিত্র তুলে ধরা হয়েছে। এতে চার চরিত্রে অভিনয় করেছেন শাকিল, মৌ, শ্রাবণী ও আরিফ।
সাকিব জানান, এরা সবাই প্রথমবারের মতো অভিনয় করেছেন।
তবে উৎসবে সশরীরে অংশগ্রহণ করতে পারেননি দুই নির্মাতার কেউ। এ নিয়ে হতাশ জুবায়ের বলেন, “নানা আর্থিক টানাপড়েনে আমি ভারতের ভিসার জন্য আবেদন করতে পারিনি। এ ব্যাপারে আমাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি।”
সাকিব জানান, চেন্নাই উৎসবের পর বাংলাদেশের নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে ‘সাজ’।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের ছাত্র সাকিব এর আগে ২০১১ সালে ‘পথ’ নামে ৩ মিনিট দৈর্ঘ্যরে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এখন দুই বন্ধু মিলে ‘আমিও পারব’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। আরও একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।
