শ্রুতির উদ্যোগে মাইম ফেস্টিভ্যাল
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে রোববার মাইম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এ ফেস্টিভ্যালে বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে বিশেষ সম্মাননা জানানো হবে।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন শ্রুতির নীতি-নির্ধারণী সদস্য রনজিত কুমার।
রনজিত কুমার জানান, নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাইম ফেডারেশনের সভাপতি জাহিদ রিপন। এতে আরও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের বর্ষীয়ান সংস্কৃতিকর্মী রাফিউর রাব্বি।
উৎসবের শুরুতে পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন দল। তাদের দলীয় পরিবেশনার শেষে মঞ্চে আসবেন মূকাভিনেতা নিথর মাহবুব। তারপর পারফর্ম করবেন শ্রুতির মূকাভিনেতারা। তারা ‘চক্র’, ‘লাঞ্চ’ ও ‘বেলুন’ শিরোনামে তিনটি বিশেষ মাইম প্রদর্শন করবেন বলে জানিয়েছেন রনজিত।
সংস্কৃতিপ্রেমী রনজিত কুমার ১৯৯২ সালে সংস্কৃতিপ্রেমী বন্ধুদের নিয়ে গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। গান-কবিতা-অভিনয়ের পাশাপাশি শ্রুতি গড়ে তুলেছে পাঠক সংগঠন। নন্দন চলচ্চিত্র নামে একটি চলচ্চিত্রপ্রেমী দলও রয়েছে তাদের। বিভিন্ন সময়ে তারা পথনাটক, শিশুনাটক ও চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
১৯৯৩ সাল থেকে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তারা বিশেষ সম্মাননা পুরস্কারের প্রবর্তন করেন। শ্রুতির বিশেষ সম্মাননা পেয়েছেন এস এম সুলতান, শামসুর রাহমান, সরদার ফজলুল করিম, হাসান আজিজুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ, জুয়েল আইচ।
২০১২ সালে শ্রুতির বিশেষ সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক আবদুস শাকুর।
২৮ মার্চ বিভিন্ন দলের অংশগ্রহণে নাট্যোৎসবের আয়োজন করবে শ্রুতি।
