নতুন নাটক ‘আউটসাইডার’
মঞ্চে আসছে ঢাকা থিয়েটারে নতুন নাটক ‘আউটসাইডার’। ফরাসি লেখক আলবেয়ার কামুর ‘দ্য আউটসাইডার’ উপন্যাসটিকে বাংলায় নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। এর নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ।
এটি দলের ৩৮তম প্রযোজনা।
ঢাকা থিয়েটারের জন্য এটি রুবাইয়াৎয়ের লেখা চতুর্থ নাটক। এর আগে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’, মুক্তিযুদ্ধের আখ্যান ‘জীয়ন্তকাল’ এবং শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ নাটকের নাট্যরূপ দিয়েছেন। নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন যথাক্রমে পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াসিম আহমেদ ও সামিউন জাহান দোলা এবং নাসির উদ্দিন ইউসুফ।
নাট্যকার রুবাইয়াৎ আহমেদ গ্লিটজকে বলেন, “আলবেয়ার কামুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ নাটকটি লিখেছি। তবে নাট্যরূপে আমি সর্বতোভাবে কামুর উপন্যাসের প্রতি অনুগত থাকিনি। এতে আমার নিজস্ব ভাবনা, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিকেও হাজির করেছি। আমার লেখা ‘ক্ষণজন্মা আলো চিরন্তন অন্ধকার’ গল্পের বেশকিছু অংশের সংযোজন ঘটিয়েছি এ নাটকে। এতে প্রতীকের আশ্রয়ে সমকালীনতার একটি চিত্রভাষ্য নির্মিত হয়েছে। ”
এ নাটকে ‘ম্যরসল’ চরিত্রে রফিকুল ইসলাম, ‘ওয়ার্ডেন ও নগরপ্রশাসক’ মিলু চৌধুরী, ‘কবি’ চরিত্রে এশা ইউসুফ, ‘মারি ও তরুণী’ চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, ‘রেমন্ড’ চরিত্রে সাজ্জাদুর সাজ, ‘সালামানো’ চরিত্রে লিটন, ‘মা’ চরিত্রে আফরোজা চুমকি এবং ‘পাদ্রি’ চরিত্রে সাজ্জাদ রাজীব অভিনয় করছেন।
১৪ মার্চ বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো মঞ্চস্থ হবে ‘আউটসাইডার’।
বিখ্যাত ফরাসি লেখক আলবেয়ার ক্যামু ১৯১৩ সালের ৭ নভেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন। একাধারে লেখক, সাংবাদিক, দার্শনিক ক্যামু তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৫৭ সালে অর্জন করেন নোবেল পুরস্কার। বিংশ শতাব্দীতে যে মুষ্টিমেয় সাহিত্যিক বিশ্বকে নানা মাত্রায় প্রভাবিত করেছিলেন কামু সেই বিরলপ্রজদের একজন। ‘দ্য আউটসাইডার’ এই লেখকের জনপ্রিয়তম উপন্যাস, ফরাসি ভাষার যার নাম ‘লেত্রঁজে’। এটি ‘দ্য স্ট্রেঞ্জার’ নামে ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। সর্বপ্রথম ১৯৪২ সালে প্রকাশিত হয় এই উপন্যাস। ১৯৬০ সালের ৪ জানুয়ারি ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি।
‘আউটসাইডার’ ঢাকা থিয়েটারের সর্বশেষ প্রযোজনা। এখন ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’, ‘ধাবমান’, ‘পঞ্চনারী আখ্যান’ ও ‘বিনোদিনী’ নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে।
