২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্জন হলে ‘কবর’

ছয় দশক পর আবার কার্জন হলে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর লেখা ‘কবর’ নাটক মঞ্চায়ন হচ্ছে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। নাটকটি মঞ্চায়ন করবে ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

দলটি ভারতের বিলোনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎসবে নাটকটি মঞ্চায়ন করবে ২১ ও ২২ ফেব্রুয়ারি।

নাটকের মঞ্চ পরিকল্পক সুদীপ চক্রবর্তী গ্লিটজকে বলেন, “ভাষার মাসে আমাদের আত্মপ্রকাশ হচ্ছে। আমাদের আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখা এবং ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা বেছে নিয়েছি ‘একুশে ফেব্রুয়ারি’ নিয়ে লেখা প্রথম নাটক। নাটকটি জেলে বসে লিখেছিলেন নাট্যকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীর চৌধুরী।”

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুনীর চৌধুরী ‘কবর’ নাটকটি কারাবন্দিদের অভিনয়ের জন্য লেখেন ১৯৫৩ সালে।

১৯৫৪ সালে মুনীর চৌধুরী মুক্তিলাভ করেন। ওই বছর ২৩ থেকে ২৬ এপ্রিলে ‘পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন’ সংস্কৃতি সংসদ নাটকটি মঞ্চায়ন করে ঢাকা কার্জন হলে।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশিদের জন্য গড়ে তোলা সবচেয়ে বড় শরণার্থী শিবিরটি ছিল বিলোনিয়ায়। সেখানে এবারের আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎসবে নাটকটি প্রদর্শীত হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি।”

থিয়েট্রেক্স প্রযোজিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নীলা সাহা, পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী, অভিনয় করেছেন আতিকুর রহমান, আতিকুল ইসলাম, মির্জা শাকিব, সুশান্ত কুমার সাহা, মেহেদী তানজির, খাঁন মো. রফিকুল ইসলাম, নুশরাত শারমিন, লাবনী আক্তার, মাহজাবিন ইসলাম ও সৈয়দা ইফাত আরা।

সুদীপ জানান, ‘কবর’ নাটকের মাধ্যমে পেশাদার নাট্য প্রযোজনা জগতে থিয়েট্রেক্স বাংলাদেশের অভিষেক হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলাবিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষে একদল উদ্যমী তরুণ মিলে বাংলাদেশের পরিবেশনা শিল্পকলা নিয়ে নিয়মিত গবেষণা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এর যথাযথ উপস্থাপন এবং দেশের বিভিন্ন নাট্যদল ও শিক্ষা প্রতিষ্ঠানে নাট্য কর্মশালা পরিচালনা, সেমিনার ও নাটক নির্মাণে শৈল্পিক সহযোগিতা করার লক্ষ্যে গড়ে তোলেন ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’।