২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজের চাপে অসুস্থ দীপিকা

কোনোরকম বিশ্রাম ছাড়াই টানা ৩০ ঘণ্টা কাজ করে এবার অসুস্থ হয়ে পড়েছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

হাতে থাকা বেশ কয়েকটি সিনেমা এবং বিজ্ঞাপনের কারণে দীপিকার ব্যস্ততার পরিমাণ এখন এতটাই বেশি, যে সম্প্রতি লাগাতার ৩০ ঘণ্টা কাজ করতে হয়েছে তাকে। কাজের ফাঁকে একটু বিশ্রামের সুযোগ না থাকায় শেষমেশ প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন দীপিকা।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি দীপিকার বেশ ব্যস্ত কেটেছে। দিনরাত ভুলে প্রায় ১৬ ঘণ্টা একটানা শুটিং করেছেন নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর। শুটিং থেকে সোজা পৌঁছেছেন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে তার পারফর্ম করার কথা। নাচ পারফর্ম করার আগে কয়েক ঘণ্টা চালিয়েছেন মহড়া।

অবশেষে ১৪ ফেব্রুয়ারি ভোররাত পর্যন্ত শুটিং করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপিকা। শুটিংয়ের মাঝেই প্রায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর দীপিকা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন।

শারীরিক দুর্বলতা বোধ করার কারণে আপাতত দীপিকাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

কাজপাগল ওই অভিনেত্রী এমনিতে অসুস্থ হলেও নিজের কাজকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে এবার তার শারীরিক দুর্বলতার কারণে বিশ্রাম ছাড়া আর কোনো উপায় নেই বলেই নিশ্চিত করেছেন দীপিকার মুখপাত্র।

চলতি বছরে ‘সেরা অভিনেত্রী’র ফিল্মফেয়ার পুরস্কার জেতা দীপিকা এই মুহূর্তে ব্যাস্ত সময় কাটাচ্ছেন দুটি নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘ফাইন্ডিং ফ্যানি ফার্নান্দেজ’ নিয়ে। প্রথমটিতে তার সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান এবং অভিষেক বচ্চন। কিছুদিন আগে একই সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা আহত হন শাহরুখ।