২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে ভালোবাসা

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 11:08 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

গানের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটে আন্তরিকভাবে। ভালোবাসা দিবস উপলক্ষে রোমান্টিক গান গেয়ে বিখ্যাত তিন কণ্ঠশিল্পী প্রেম সম্পর্কে তাদের ভাবনার কথা জানালেন গ্লিটজকে।

প্রেমের আবেদন আগের মতোই আছে

ফেরদৌস ওয়াহিদ

গানের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ যতটা হয়, তা বোধহয় অন্যকিছুতে হয় না। মানব সভ্যতার শুরু থেকেই গানের মাধ্যমে মানুষ তার প্রিয় মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে আসছে। সে সুখে থাকুক বা দুঃখে- গানই যেন তার অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। আমার মতে, ভালোবাসার সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রেম নিবেদন থেকে শুরু করে পূর্ণতাপ্রাপ্তি- পুরো গল্পে গান এক অবিচ্ছেদ্য অংশ। মান-অভিমান, হতাশা ও ব্যর্থতার কথাও বলে প্রেমের গান। যুগে যুগে ভালোবাসা প্রকাশের ধরণটিও বেশ মুগ্ধ করে আমাকে। আমার তরুণ বয়সের তুলনায় বর্তমানে প্রেম নিবেদনের ধরণ হয়তো পাল্টেছে। কিন্তু আবেদন সেই আগের মতোই রয়ে গেছে।

এ যুগের গানে ‘প্রেম’ নেই

এন্ড্র্রু কিশোর

এ যুগের গানে ‘প্রেম’ ব্যাপারটি অনুপস্থিত। অর্থাৎ প্রেমের গভীর অনুভূতি সেভাবে গানে প্রকাশিত হচ্ছে না।প্রেমের গান হয়তো অনেক হচ্ছে। কিন্তু এই প্রেমের গানগুলো দুদিন পরে হারিয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে, আমি শিল্পীদের ‘তাড়াহুড়ো’ ব্যাপারটিকে দায়ী করব। সিনেমা বা অ্যালবামের জন্য গান লাগবে, শিল্পীরা হুটহাট সে গান রেকর্ডে ব্যস্ত হয়ে পড়ে। গানটি শ্রোতারা কীভাবে নেবে, গানের আবেদন কতটুকু এ নিয়ে কারও কোনো ভাবনা নেই। অথচ আশি, নব্বইয়ের দশকে আমরা যখন গান করতাম, তখন প্রেমের গান নিয়ে কত পরীক্ষা-নিরীক্ষা হত। সেই সাতসকালে স্টুডিওতে ঢুকে, বের হতাম রাতে। গীতিকার, সুরকার সবাই মিলে একটি গান নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতাম। প্রথমে গানটি রেকর্ড করে নিজেদের কাছের মানুষকে শোনাতাম। তাদের মন্তব্য নিয়ে গানটি আবার রেকর্ড করা হত। তাই তো সেই গানগুলো এখনও শ্রোতারা মনে রেখেছে। ‘প্রেমের গান’ বলতে শ্রোতারা এখনও সেই গানগুলোকেই মনে করেন।

‘ভালোবাসা দিনে-রাতে’

ফাহমিদা নবী

মানুষের জীবনটা কী বিচিত্র ! কখন যে প্রেম চলে আসে না বলে-কয়ে, বোঝাই যায় না। ভালোবাসা আছে প্রতিদিনই। সে ভালোবাসার নানা রঙ। যুগে যুুগে ভালোবাসা আসে নানা রূপে, নানা ঢঙে।  প্রেমে পড়া মানুষ কী দারুণ বদলে যায়। তার এই বদলের কথা কাগজে-কলমে লেখা হয় না। হৃদয়ের অনেক গভীরে সে লেখা কেউ জানেও না। দিনে- রাতে ভালোবাসার এমন গল্প আমাকে মুগ্ধ করে।