এসএম সুলতান উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে নড়াইলে শুরু হচ্ছে এস এম সুলতান উৎসব। দু’দিনব্যাপী এ আয়োজনে তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি।
এক প্রেসবার্তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, দু’দিনের এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এস এম সুলতান সংগ্রহশালা প্রাঙ্গণে শিশুশিল্পীদের আর্ট ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবে জেলা শিল্পকলা একাডেমি। এরপরই এসএম সুলতান রেপ্লিকা প্রদর্শনীর উদ্বোধন করবেন তারা। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে স্থানীয় শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের নৌকা ভ্রমন।
সন্ধ্যা ৬টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও থাকছেন নড়াইল-২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।
এরপর মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, কবিতা ও নাচে জেলার কৃতি সন্তানকে স্মরণ করবেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের একটি বিশেষ পরিবেশনা থাকছে।
উৎসবের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএম সুলতানের জীবন ও কর্মের উপর সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ। দুপুর সাড়ে ১২টায় শিশুস্বর্গ মিলনায়তনে শুরু হবে শিশুবিষয়ক কর্মশালা।
এদিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।
এছাড়া এসএম সুলতানের জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘লাল মিয়া’ দেখানো হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ২০১০ সালে আমিরুল ইসলাম এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। উৎসবের দু’দিনই এই ছবি প্রদর্শিত হবে।
শিল্পী এস এম সুলতানের জন্ম ১০ আগস্ট ১৯২৩ নড়াইলের মাছিমদিয়া গ্রামে। তার বাবা শেখ মোহাম্মদ মেছের আলী পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। এস এম সুলতানের শিক্ষা জীবন কেটেছে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, নাকানি এ. বি. এস. জুনিয়র মাদ্রাসা এবং কলকাতা আর্ট কলেজে।
১৯৪৫ সালে ভারতের সিমলাতে সুলতানের প্রথম চিত্র প্রদর্শনী হয়। ১৯৪৬ থেকে ১৯৫১ সাল পর্যন্ত বিভিন্ন দেশে তাঁর মোট ২০টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে স্বাধীন বাংলাদেশে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমি। ১৯৮৭ সালে জার্মান কালচারাল ইনস্টিটিউট এবং সর্বশেষ চিত্র প্রদর্শনী হয় ১৯৯৪ সালে ঢাকার গ্যালারি 'টোন'-এ।
তার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হচ্ছে ‘জমি কর্ষণ-১’। ‘জমি কর্ষণ-২’ (তেল রং ১৯৮৬, ১৯৮৭)। ‘হত্যাযজ্ঞ’ (তেল রং ১৯৮৭)। ‘মাছ কাটা’ (তেল রং ১৯৮৭)। ‘জমি কর্ষণে যাত্রা-১’ এবং ‘২’ (তেল রং ১৯৮৭, ১৯৮৯)। ‘যাত্রা’ (তেল রং ১৯৮৭)। ‘ধান মাড়াই’ (তেল রং ১৯৯২)। ‘গাঁতায় কৃষক’ (তেল রং ১৯৭৫)। ‘প্রথম বৃক্ষ রোপন’ (তেল রং ১৯৭৬ )। ‘চর দখল’ (তেল রং ১৯৭৬)। ‘পৃথিবীর মানচিত্র’ (তেল রং) ইত্যাদি।
শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কাছ থেকে পান শ্রেষ্ঠত্বের পুরস্কার। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকারের একুশে পদকে ভূষিত হন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ সরকারের স্বাধীনতা দিবস পুরস্কার পান।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি দেহ ত্যাগ করেন।
