২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে ‘আকাশ কত দূরে’

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে সামিয়া জামান পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘আকাশ কত দূরে’। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:47 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি শুক্রবার যমুনা ব্লকবাস্টারস ও স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা সামিয়া জামান।

তিনি জানান, এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহানা শাহ্রিন ফারিয়া ও অঙ্কন। তাদের অভিনীত চরিত্রের নাম পরী ও বিচ্ছু।

এতে দেখা যাবে, মেয়েটি মা-বাবাকে হারিয়েছে সেই ছেলেবেলায়। পদে পদে বঞ্চনা আর ক্ষুধার তাড়নায় একদিন সে ঢুকে পড়ে ছিনতাইকারী চক্রে। ওস্তাদের ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠে সে। কয়েক বছর যেতেই ছোট্ট মেয়ে পরী হয়ে ওঠে ছিনতাইকারী দলের নেত্রী। এতিম শিশুদের নিয়ে সে গড়ে তোলে ‘গ্যাং’। ঠক-জোচ্চোর হলেও পরম মমতায় সে আগলে রাখে দলের শিশুদের। বাবা মা হারা বিচ্ছুও পরীর ভক্ত হয়ে ওঠে। পরীর দল ভারী হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন বিবেকের তাড়নায় পরী ফিরে আসতে চায় সুস্থ জীবনে। অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার এ গল্প নিয়েই ‘আকাশ কত দূরে’।

সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ এবং মিশা সওদাগর।

ইবরার টিপু ও বেলাল খানের সংগীত পরিচালনায় সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া, প্রান্তি প্রমুখ।

সিনেমাটি নিয়ে সামিয়া জামান বলেন, “এ সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। সিনেমার গল্প সব বয়সী দর্শককে হলে টানবে।”

সামিয়া জামান এখন বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।

১৯৮৬ সালে চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সামিয়া। তার নির্মিত প্রথম সিনেমা ‘রাণী কুঠির বাকি ইতিহাস’ ২০০৬ সালে মুক্তি পায়। এরপর তিনি গড়ে তোলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সা মিডিয়া।

২০০৯ সালে সরকারি অনুদান পাওয়া ‘আকাশ কত দূরে’ সিনেমাটি ভার্সা মিডিয়া থেকে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সামিয়া।