২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলো ফুল ও ভালোবাসার গল্প’

‘আলো ফুল ও ভালোবাসার গল্প’ টেলিফিল্মে জুটি বেঁধেছেন আরফান নিশো ও নুসরাত ইমরোজ তিশা। মেজবাহউদ্দিন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

হাবিব মাসুদ গ্লিটজকে জানান, টেলিফিল্মে নিশো ও তিশা অভিনীত চরিত্রের নাম সুমন ও অভি।

এতে দেখা যাবে, এক কফি হাউজে পরিচয় হয় সুমন ও অভির। অভি কফি হাউজের ওয়েট্রেস। নিয়মিত কফি খেতে আসা সুমনের সঙ্গে অভির বন্ধুত্ব একপর্যায়ে ভালোবাসার সম্পর্কে গড়ায়। ওদিকে অভিকে না জানিয়ে প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেন তার বাবা। এ নিয়ে অভির সংসারে শুরু হয় দ্বন্দ্ব।

এ টেলিফিল্মে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, জেবুন্নেসা জামান, বাকার বকুল, সংগীতা চৌধুরী।

পহেলা ফাল্গুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

২০০৮ সালে ‘জোক’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হাবিব মাসুদ। এরপর তিনি ১২টি নাটক নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘তাহার শিশুবন্ধুরা’, ‘বীর মাতা’ এবং ‘অপলার সামনে দাঁড়িয়ে’। এরপর তিনি বেশকটি ধারাবাহিকও নির্মাণ করেন।

হাবিব জানান, ‘আলো ফুল ও ভালোবাসার গল্প’ তার চতুর্থ টেলিফিল্ম। এখন ‘বেলা অবেলা’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করছেন তিনি। ইতোমধ্যে এর ১৬ পর্বের শুটিং শেষ করেছেন।