পেছাল ‘হামারি আধুরি কাহানি’র শুটিং
প্রধান অভিনেতা এমরান হাশমির ছেলে আয়ানের অসুস্থতার কারণে ‘হামারি আধুরি কাহানি’ সিনেমার শুটিং পিছিয়ে গেছে। এ সিনেমায় এমরান হাশমির বিপরীতে অভিনয় করছেন বিদ্যা বালান।
মিড ডে জানায়, মোহিত সুরি পরিচালিত সিনেমাটির শুটিং চলতি বছরের মে-জুন মাসের মধ্যে শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে। নতুন শিডিউল অনুসারে অক্টোবর মাসে শুরু হবে শুটিং।
খবরটি নিশ্চিত করেছেন মুকেশ ভাট। তিনি বলেন, “এমরানের ছেলের অসুস্থতার জন্য শুটিং পেছানো হয়েছে। ‘হামারি আধুরি কাহানি’র আগে ‘মি. এক্স’ সিনেমার শুটিং শেষ করবেন এমরান।”
কিছুদিন আগেই এমরানের চার বছরের ছেলে আয়ানের কিডনির টিউমার অপসারণ করা হয়। তখনই তার অস্থিমজ্জার ক্যান্সার ধরা পড়ে। আর তার ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রী পারভিনের সঙ্গে আয়ানকে নিয়ে টরোন্টোতে চলে যান এমরান।
এদিকে বিদ্যা বর্তমানে ‘শাদি কে সাইড এফেক্টস’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমাটি মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি।
এছাড়াও ‘ববি জাসুস’ সিনেমার শুটিংয়ের পাটও চুকিয়ে ফেলেছেন তিনি। খুব শীঘ্রই ইরফান খানের বিপরীতে সঞ্জয় ঘোষ পরিচালিত সিনেমার শুটিং শুরু করবেন তিনি। আর এরপরই ‘হামারি আধুরি কাহানি’র কাজ শুরু করবেন।
এমরান হাশমির বিপরীতে বিদ্যা বালানের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১১ সালে দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার বায়োপিক ‘ডার্টি পিকচার’-এ জুটি বেঁধেছিলেন তারা। ব্লকবাস্টার হিট ওই সিনেমায় তাদের সঙ্গে আরও অভিনয় করেছিলেন নাসিরউদ্দিন শাহ এবং তুষার কাপুর।
