২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে ‘পাঁচফোড়ন’

হানিফ সংকেত নির্মীত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে ভালোবাসা দিবসে। এবারের পর্ব সাজানো হয়েছে এক দম্পতির সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 06:44 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের মুখপাত্র গাজী কিবরিয়া মিঠু বলেন, “বিদেশী অনুষ্ঠান নকল না করে মৌলিক চিন্তায় বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান নির্মাণ করা যায়।” মিঠু দাবি করেন, এখন অনেক অনুষ্ঠানই পাঁচফোড়নের বিভিন্ন আঙ্গিক ‘অনুকরণ করে করা হয়’ যা তাদের জন্য আনন্দের।

তিনি জানান, এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রুনা খান।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দু’টি। মডেল ও অভিনয় তারকা ইমন ও কুসুম শিকদারকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালবাসার গান। একটি গান গেয়েছেন সংগীত শিল্পী পুজা ও প্রতীক হাসান। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই।

পাঁচফোড়নের চরিত্র অনুযায়ী ভালোবাসার উপর রয়েছে একটি রসাত্মক ও অনুসন্ধানী প্রতিবেদন যেখানে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কয়েকটি ভালোবাসার স্থান তুলে ধরা হয়েছে। ভালোবাসায় ছাতার গুরুত্ব ও পশু প্রেমের উপর রয়েছে দু’টি ব্যতিক্রমী প্রতিবেদন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার, রাত ৮ টা ৫০মিনিটে।