বক্স অফিসে মুখোমুখি অমিতাভ-রজনীকান্ত
ভারতীয় সিনেমার দুই মহানায়ক- অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত আরও একবার অবতীর্ন হচ্ছেন বক্স অফিস যুদ্ধে। চলতি বছরের এপ্রিলে একই দিনে মুক্তি পাচ্ছে ওই দুই সিনিয়র অভিনেতার সিনেমা।
মিডডের খবর অনুসারে, এপ্রিলের ১১ তারিখ মুক্তি পাচ্ছে অমিতাভ অভিনীত সিনেমা ‘ভুতনাথ রিটার্নস’। একই দিনে ভারতব্যাপি ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কোচাদাইয়া’।
২০০৮ সালের হরর কমেডি ‘ভুতনাথ’-এর সিকুয়েল ‘ভুতনাথ রিটার্নস’-এও অমিতাভকে দেখা যাবে মুখ্য চরিত্রে। ওদিকে পিরিয়ড ড্রামা ‘কোচাদাইয়া’তে রজনীকান্ত অভিনয় করেছেন পুরাকালের এক রাজার চরিত্রে। তার বিপরীত্রে ছিলেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হিন্দি এবং তামিলের পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে বাংলা, ভোজপুরি, মারাঠি এবং পাঞ্জবি ভাষাতেও। এছাড়াও ভারতের বাইরে মুক্তি পাবে সিনেমাটির ইংরেজি ভাষার সংস্করণ।
বিষয়টি নিয়ে এক বক্স অফিস বিশ্লেষকের মতামত তুলে ধরেছে মিডডে-- “দুটি সিনেমারই মুক্তি তারিখ প্রকাশ হয়ে গেছে। একইদিনে দুই তারকার লড়াইটা জমবে ভালো। ভারত এবং ভারতের বাইরে দুজনরেই অসংখ্য ভক্ত থাকায় আশা করা যাচ্ছে আয়ের দিক থেকে সমানে সমানেই টক্কর দেবে সিনেমা দুটি।”
তিনি আরও বলেন, “এটা সবাই জানে যে, রজনীকান্তের সিনেমা মানেই তার ভক্তদের জন্য উৎসবের উপলক্ষ্য। বিশেষ করে, দক্ষিণ ভারতে তার সিনেমার প্রদর্শন শুরু হয় ভোর পাঁচটাতেই। ওই সময়েই ভক্তরা বাজি পুড়িয়ে, ঢোল বাজিয়ে, ফুলের তোড়া নিয়ে সাড়ম্বরে দেখতে যায় তার সিনেমা। তার সিনেমার রিলও কোনো কোনো জায়গার মন্দিরে দেবতাদের মতোই পূজিত হয়। আর তাই, রজনীকান্তের সিনেমার সঙ্গে অমিতাভের সিনেমার টক্করের ব্যাপারটি বেশ উপভোগ্যই হতে যাচ্ছে।”
এর আগেও একবার একই ঘটনা ঘটেছে ওই দুই তারকার সঙ্গে। ২০০৭ সালে একইদিনে মুক্তি পেয়েছিলো রজনীকান্ত এবং অমিতাভের সিনেমা। সেবার অবশ্য থালাইভার (ভারতজুড়ে ভক্তদের কাছে এই নামেই পরিচিত রজনীকান্ত) ‘শিবাজী: দ্য বস’ এর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলো বিগ বি অভিনীত ‘ঝুম বারাবার ঝুম’।
এইমুহর্তে পরষ্পরের প্রতিদ্বন্দ্বী হলেও আশির দশকের বলিউডে সহশিল্পী হিসেবে অনেকবার কাজ করেছেন রজনীকান্ত এবং অমিতাভ। ‘আন্ধা কানুন’ (১৯৮৩), ‘গেরাফতারি’(১৯৮৫), ‘দোস্তি দুশমনি’ (১৯৮৬) এবং ‘হাম’ (১৯৯১) সিনেমাগুলোতে একত্রে কাজ করেছেন তারা। এ ছাড়াও শাহরুখ খান অভিনীত ২০১১ সালের সিনেমা ‘রা.ওয়ান’-এর অতিথি চরিত্রে ছিলেন রজনীকান্ত; ওই সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন অমিতাভ। এরপর থেকে অবশ্য তাদেরকে একত্রে কাজ করতে দেখা যায়নি কখনও।
