হৃত্বিক-কারিনার বদলে রণবীর-দীপিকা?
ধার্মা প্রোডাকশনসের পরবর্তী সিনেমা ‘শুদ্ধি’র প্রধান দুই চরিত্রে এবার ভাবা হচ্ছে রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে। কারান জোহর প্রযোজিত ওই সিনেমায় অভিনয়ের জন্য এর আগে ঘোষণা করা হয়েছিল হৃত্বিক রোশান এবং কারিনা কাপুর খানের নাম। সিনেমাটি পরিচালনা করবেন কারান মালহোত্রা।
মিড ডে জানায়, ‘শুদ্ধি’ সিনেমাতে দীর্ঘ ১২ বছর পর জুটি বাঁধার কথা ছিল হৃত্বিক এবং কারিনার। তবে কারিনা ব্যস্ততার কারণে শুটিং শুরু করতে পারছিলেন না। এরপর কারান জোহর কারিনার বদলে নতুন কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ শুরু করার কথা জানিয়ে দেন।
তবে এরপরই হৃত্বিকের মস্তিষ্কে অস্ত্রোপচারের কারণে বিরতি নিতে হয় তাকে। আর সুস্থ হয়েই হৃত্বিক শুরু করেন ‘ব্যাং ব্যাং’ সিনেমার কাজ। আবারও পিছিয়ে যায় ‘শুদ্ধি’র শুটিং। ব্যক্তিগত, শারীরিক এবং কর্মক্ষেত্রে নানা চাপের কারণে হৃত্বিকও পিছিয়ে আসেন সিনেমাটি থেকে।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে হৃত্বিক বলেন, “আমি এবং কারান মালহোত্রা, একসঙ্গে বহুল আলোচিত ‘শুদ্ধি’ সিনেমাতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আমি সিনেমাটিতে সময় দিতে পারছি না। কারান জোহরের সঙ্গে ‘অগ্নিপথ’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর আমি চাইছিলাম আবারও তাদের সঙ্গে কাজ করার। আমি নিশ্চিত বলিউডের অসাধারণ একটি সিনেমা হবে ‘শুদ্ধি’। তাদের জন্য আমার শুভ কামনা রইল।”
হৃত্বিকের ওই সংবাদ সম্মেলনের পর থেকে নির্মাতারা খুঁজতে শুরু করেছেন তার বিকল্প। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ অভিনেতা রণবীর কাপুর। তার বিপরীতে দীপিকা পাড়ুকোনকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছেন তারা।
সবকছু ঠিকঠাক থাকলে দ্বিতীয়বারের মতো কারিনার ফিরিয়ে দেওয়া চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এর আগে সঞ্জয় লীলা বনসালির ‘গোলিও কি রাসলিলা: রাম-লীলা’ থেকে কিছুদিন শুটিং করার পর বেরিয়ে এসেছিলেন কারিনা। পরে রানভির সিং-এর বিপরীতে ওই সিনেমায় অভিনয়ের সুবাদে এবারের ফিল্মফেয়ারে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতে নেন দীপিকা। ২০১৩ সালের ওই সিনেমা বক্স অফিসেও ছিল দারুণ ব্যবসাসফল। ওই বছরে দীপিকা অভিনীত চতুর্থ সিনেমা হিসেবে ১০০ কোটি রুপি আয় করে ‘গোলিও কি রাসলিলা: রাম-লীলা’।
