২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন মিলিয়ন ডলার

রহস্যনির্ভর গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘টেন মিলিয়ন ডলার’। রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন রায়হান খান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

রায়হান খান গ্লিটজকে জানান, ৬০ পর্বের এ ধারাবাহিকে প্রধান তিন চরিত্র-- আসকার, আবরার ও তিমির। এ তিন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান ও মোশাররফ করিম। এতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভূমিকায় দেখা যাবে তানিয়া আহমেদকে।

ধারাবাহিকে দেখা যাবে, আসকার ও আবরার দুভাই অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের টাকা আসে থাইল্যান্ড হয়ে। একদিন আবরার দশ মিলিয়ন ডলার থাইল্যান্ডের এক জায়গায় রেখে আসে। সে টাকা পেয়ে যায় তিমির নামে এক বাঙালি ছেলে। এ টাকা পাওয়ার পর বদলে যেতে থাকে নিম্ন মধ্যবিত্ত তিমিরের লাইফস্টাইল। ওদিকে দুভাই জেনে যায়, তাদের টাকা মেরে তিমির এখন বড়লোক। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে আসকার ও আবরার।

এ নাটকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাঈম, সাব্বির, তানভীন সুইটি, ভাবনা, রাখী ও সামিহা।

রায়হান খান জানিয়েছেন, ধারাবাহিকের শুটিং হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে।

‘টেন মিলিয়ন ডলার’ রায়হান খানের পঞ্চম ধারাবাহিক। তার প্রথম ধারাবাহিক ‘থার্টি ফাস্ট মে’ প্রচারিত হয় ২০১১ সালে। এরপর তিনি ‘অচেনা প্রতিবিম্ব’, ‘নূরজাহান’ ও ‘কালার’ নামে তিনটি ধারাবাহিক নির্মাণ করেন। এগুলোর মধ্যে ‘কালার’ এখন এসএটিভিতে প্রচারিত হচ্ছে।

‘টেন মিলিয়ন ডলার’ প্রতি রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

এদিকে রায়হান খান ‘গল্পগুলো ভালোবাসার’ শিরোনামে ভালোবাসা দিবসের জন্য একটি টিভিনাটক নির্মাণ করেছেন। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা ও সাজ্জাদ। তিশা অভিনয় করেছেন নূতন ও সীমা নামের দুটি চরিত্রে। সাজ্জাদ অভিনীত চরিত্রের নাম ধ্রুব।