শুধু গোয়েন্দা গল্প নয় ‘ববি জাসুস’
গোয়েন্দা কাহিনিভিত্তিক হলেও ‘ববি জাসুস’-এ মূলত জীবনের গল্প বলা হয়েছে বলে মন্তব্য করেছেন সিনেমাটির প্রধান অভিনেত্রী বিদ্যা বালান।
বলিউডে এখন চলছে গোয়েন্দা কাহিনি নিয়ে সিনেমা তৈরির ধুম। এর মধ্যে নারী-গোয়েন্দা চরিত্র নিয়ে ‘ববি জাসুস’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা বালান। তবে তার মতে আর পাঁচটি গোয়েন্দা সিনেমার চাইতে ভিন্ন ‘ববি জাসুস’।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে এখন নতুন ধারায় নির্মিত হচ্ছে বেশ কয়েকটি গোয়েন্দা কাহিনিভিত্তিক সিনেমা। এর মধ্যে রণবীর কাপুর অভিনীত ‘জাগ্গা জাসুস’, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ব্যোমকেশ বক্সি’ এবং নারী-গোয়েন্দার কাহিনি নিয়ে বিদ্যার ‘ববি জাসুস’ উল্লেখযোগ্য। তবে এত গোয়েন্দা সিনেমার ভিড়ে ‘ববি জাসুস’কে কিছুটা ভিন্ন বলে দাবি করছেন বিদ্যা।
বিদ্যা বলেন, “একজন নারী-গোয়েন্দাকে নিয়ে সাজানো হয়েছে ‘ববি জাসুস’-এর কাহিনি। তবে শুধু গোয়েন্দা কাহিনি নয় এটি। এটি একটি মানুষের জীবনের গল্প। আমি ভাবছি না যে আমরা আলাদা। কারণ আমি অন্য সিনেমা নিয়ে চিন্তা করছি না। আর প্রতিটি সিনেমারই একটি আলাদা ধারা থাকে।”
বিদ্যা আরও বলেন, “সকলে কিভাবে ‘ববি জাসুস’কে গ্রহণ করবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি । তবে এর পাশাপাশি অন্য সিনেমাও দেখতে চাই আমি।”
বলিউডি অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার প্রযোজনা প্রতিষ্ঠান বর্ন ফ্রি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ববি জাসুস’। বিদ্যার মতে প্রযোজকরা দারুণ একটি পরিবেশ তৈরি করেছিলেন সিনেমাটির জন্য।
বিদ্যা বলেন, “হায়াদ্রাবাদে টানা ৫১ দিনেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। প্রযোজকরা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন আমাদের জন্য। আর তাই সবাই নিজের মতো করে কাজ করেছি আমরা।”
পরিচালক সামার শেখেরও প্রশংসা করেন বিদ্যা। তিনি বলেন, “সামার বলিউডে একজন নবাগত পরিচালক। কিন্তু আমার বলতেই হবে তিনি খুব সুন্দর করে আমাদের দিয়ে কাজ করিয়েছেন। সবাই খুব আনন্দের সঙ্গে কাজ করেছে।”
এদিকে অনুরাগ বসুর পরিচালনায় কমেডি এবং রহস্যের মিশ্রণে নির্মিত হচ্ছে ‘জাগ্গা জাসুস’। সিনেমাতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে দিবাকর ব্যানার্জির পরিচালনায় ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমার শুটিং চলছে কোলকাতায়।
