ওয়েদারস্পুনের স্থানে হ্যাথওয়ে
হলিউডি কমেডি সিনেমা ‘দ্য ইনটার্ন’-এর কেন্দ্রীয় চরিত্রে রেসি ওয়েদারস্পুনের অভিনয়ের কথা থাকলেও তার স্থানে অ্যান হ্যাথওয়ে আসবেন বলে গুজব শোনা যাচ্ছে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন ওয়েদারস্পুন। তবে শিডিউল নিয়ে ঝামেলার কারণে কাজ করতে পারছেন না তিনি।
আর এই সুযোগে চরিত্রটি চলে যাচ্ছে হ্যাথওয়ের ঝুলিতে। এমন খবর জানিয়েছে হলিউড রিপোর্টার।
ন্যান্সি মায়ারের পরিচালনায় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির কাহিনি তুলে ধরা হবে এখানে। যিনি অবসরের পর কাজে ফিরে আসতে চান। আর তখন তাকে আবার শিক্ষানবীশ হিসেবে কাজ শুরু করতে হয়।
শিক্ষানবীশের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রবার্ট ডি’নিরো। আর কোম্পানির মালিকের চরিত্রে অভিনয় করবেন হ্যাথওয়ে।
এদিকে এ বছরের আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘রিও টু’-তেও কণ্ঠ দিচ্ছেন ৩১ বছর বয়সী হ্যাথওয়ে।
