অভিনয় পারেন না ক্যাট!
বলিউডের অন্যতম শীর্ষ তারকা ক্যাটরিনা কাইফ নাকি অভিনয় পারেন না! টিভিতে এমন মন্তব্য শোনার পরও মোটেই বিচলিত নন ক্যাট।
কারান জোহরের উপস্থাপনায় টক শো ‘কফি উইথ কারান’-এর একটি পর্বে একজন অতিথি অভিনেত্রীদের নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনাকে অভিনয়ের ক্ষেত্রে পিছনের সারির শিল্পীদের তালিকায় ফেলেছেন। কিন্তু এমন মন্তব্য গায়েই মাখেননি বর্তমান টিনসেলের দর্শকপ্রিয় ওই অভিনেত্রী।
জি মিডিয়া ব্যুরো জানায়, অনুষ্ঠানে কারানের সঙ্গে প্রশ্ন উত্তরের সময় ওই অতিথি বলেন, তিনি মনে করেন ক্যাটরিনার অভিনয় একেবারেই ভালো নয়।
সংবাদমাধ্যমটিকে ক্যাট বলেন, “এটি হতেই পারে। আসলে সে যা মনে করেছে তা বলেছে। আমার এটি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “মানুষ তাদের মতামত দিতেই পারে। সেখানে আমার হাত নেই। যে কারও মতামতের বিপরীতে আমি কখনও কোনো মন্তব্য করতে পারি না।”
‘বুম’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ক্যাটরিনা। এরপর ১০ বছরে নিজেকে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এর মধ্যে অভিনয় করেছেন খ্যাতিমান পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে।
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ধুম থ্রি’ও বক্স অফিসের অন্যতম ব্যবসা সফল সিনেমার স্থান দখল করেছে। বর্তমানে তিনি হৃত্বিক রোশানের বিপরীতে ‘বুম বুম’ এবং রণবীর কাপুরের বিপরীতে ‘জাগ্গা জাসুস’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন।
