কাকলীর নতুন সিনেমা
ফেরদৌস ও রিচি সোলায়মানকে নিয়ে একটি নতুন সিনেমা নির্মাণ করবেন শাহনেওয়াজ কাকলী।
এখনও নাম ঠিক না হওয়া সে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।
এর আগে ফেরদৌস ও রিচিকে নিয়ে ‘কাঁটাতার’ শিরোনামে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও সেটি বাতিল করেছেন কাকলী।
কাকলী জানান, একই নামে কলকাতায় একটি সিনেমা আগেই নির্মিত হয়েছে বলে পরিকল্পনা বাতিল করেছেন তিনি। নতুন সিনেমায় গল্প ও চরিত্রে পরিবর্তন আসবে বলে জানালেন তিনি।
এদিকে কাকলী তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উত্তরের সুর’ এর জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ পাচ্ছেন।
কাকলী বলেন, “এ পুরস্কারটি আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমি স্বপ্নেও ভাবিনি, প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব!”
এবারের পুরস্কারপ্রাপ্তিকে তার জীবনের ‘অন্যতম ঘটনা’ হিসেবে উল্লেখ করে কাকলী বলেন, “এ পুরস্কার প্রাপ্তি আমার দায়বদ্ধতা বাড়িয়ে দিল। আনন্দের পাশাপাশি ভীষণ ভয় লাগছে। আমার প্রতি দর্শকের চাহিদাও বেড়ে যাবে।”
এদিকে কাকলী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘নদীজন’ এর শুটিং শেষ হয়েছে। এ সিনেমাতে প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা, প্রাণ রায় ও নিরব।
কিছুদিনের মধ্যেই সিনেমাটি সেন্সর বোর্ডের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কাকলী।
