খুরশীদ আলমের হতাশা
নতুন প্রজন্মের শিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে প্রবীণদের যোগাযোগ ক্রমেই কমে যাচ্ছে বলে মনে করেন বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশীদ আলম। তার মতে, এ কারণেই গানের জগতে প্রজন্মের ব্যবধান প্রকট হচ্ছে।
সম্প্রতি গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় এ নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, “এ প্রজন্মের শিল্পীরা নিজেদের মতো করে একটি আলাদা জগত তৈরি করে নিয়েছেন। তারা নিজেদের মতো করে গান লিখছেন, সুর করছেন। সেখানে সিনিয়দের ঠাঁই নেই। এ হয়তো সময়েরই দাবি ছিল।”
তবে নতুন শিল্পীদের কাজের প্রশংসা করে খুরশীদ আলম বলেন, “এখন নতুনদের জয়জয়কার। তাদের অনেকেই ভীষণ ভালো কাজ করছেন। বাংলা গান আবার নতুন প্রাণ পেয়েছে।”
ষাট, সত্তর ও আশির দশকের ব্যস্ততম এই শিল্পীর এখন অখণ্ড অবসর। টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম, বিশেষ দিবসের আয়োজন এবং অনুরোধের আসরে গান গাওয়া ছাড়া তেমন ব্যস্ততা নেই। ‘ব্যস্ততা’ যেন ছুটি নিয়েছে জীবন থেকে। কথার ফাঁকে দীর্ঘশ্বাস গোপন থাকে না।
কোনো একক অ্যালবাম প্রকাশের ভাবনা আছে কি না– এ প্রশ্নের জবাবে তিনি জানান, অ্যালবাম প্রকাশের মতো আর্থিক সঙ্গতি নেই তার। অ্যালবাম প্রকাশের জন্য কর্পোরেট সংস্কৃতির কাছে নিজেকে বিকিয়ে দিতে নারাজ তিনি।
খুরশীদ আলম জানান, শুক্রবার দেশটিভির লাইভ স্টুডিও কনসার্ট ‘কলের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
এ অনুষ্ঠানে তিনি ষাট ও সত্তর দশকে তার গাওয়া জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বিভিন্ন সময়ে তার গাওয়া কিছু অপ্রচলিত গানও শোনাবেন।
এ অনুষ্ঠানে গান শোনার পাশাপাশি দর্শকদের সঙ্গে ফোনালাপেও অংশ নেবেন খুরশীদ আলম।
‘কলের গান’ প্রচারিত হবে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে।
