ঢাকায় মুক্তি পাচ্ছে ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’
ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে টম হ্যাঙ্কস অভিনীত হলিউডি সিনেমা ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’। এই প্রথমবারের মতো টম হ্যাঙ্কস অভিনীত কোনো সিনেমা বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
২০১৩ সালের ১৩ ডিসেম্বও মুক্তি পাওয়া কমেডি ধাঁচের ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’ সিনেমাটি পরিচালনা করেছেন জন লি হ্যানকক।
১৯৬৪ সালে ওয়াল্ট ডিজনির সিনেমা ‘ম্যারি পপিনস’ নির্মাণের নেপথ্য কথাই এ সিনেমার মূল উপজীব্য। এতে ওয়াল্ট ডিজনির ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস।
এতে দেখা যায়, লন্ডনের লেখিকা পামেলা ট্রেভার্সের ‘ম্যারি পপিনস’-এর গল্প ডিজনির কন্যাদের খুব পছন্দ। এই গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে বাবাকে অঙ্গীকারবদ্ধ করে তারা। আর সে জন্যই পামেলা টেভার্সকে ডেকে পাঠান ডিজনি। প্রস্তাব দেন ‘ম্যারি পপিনস’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের। পামেলা তখন আর্থিকভাবে বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় এমন প্রস্তাব তার জন্য আশির্বাদই বটে। তাই লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে আসেন তিনি। গল্প নিয়ে কাজ শুরু করেন ওয়াল্ট ডিজনি স্টুডিওর ক্রিয়েটিভ টিমের সঙ্গে। এক পর্যায়ে ডিজনির সঙ্গে মতবিরোধ তৈরি হলে কাজ ছেড়ে লন্ডনে চলে যান পামেলা। তবে তিনবছর পর মুক্তি পায় ‘ম্যারি পপিনস’, যার পেছনে গড়ে ওঠে লেখক-নির্মাতা আর তার জীবনের নানা টানাপড়েনের অন্য এক গল্প।
সিনেমাতে পামেলা চরিত্রে অভিনয় করেছেন এমা থম্পসন।
১৯৮৯ সালে ‘বিগ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কার মনোনয়ন পান টম হ্যাঙ্কস। তবে সেবার পুরস্কার না পেলেও জ্বালা জুড়িয়েছেন তার পাঁচ বছর পরে। ১৯৯৪ সালে ‘ফিলাডেলফিয়া’ সিনেমার জন্য জিতে নেন অস্কারের সেরা অভিনেতার পুরস্কার। পরের বছর ‘ফরেস্ট গাম্প’ সিনেমার জন্য আবারও একই ক্যাটাগরিতে অস্কার জিতে নেন তিনি।
