‘মন জ্বলে’ সিনেমায় সায়মন ও ববি
‘মন জ্বলে’ শিরোনামে একটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সায়মন ও ববি। এটি দেবাশীষের চতুর্থ সিনেমা।
মে মাস থেকে এ সিনেমার শুটিং শুরু করবেন বলে গ্লিটজকে জানিয়েছেন দেবাশীষ।
দেবাশীষ জানান, কমল সরকারের চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটি রোমান্টিক ধাঁচের হলেও শেষটা বিয়োগাত্মক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, রেবেকা, আনিসুর রহমান মিলন প্রমুখ।
দেবাশীষ জানিয়েছেন, এ সিনেমার পাঁচটি গানের সংগীতায়োজন করছেন ইমন সাহা।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায় ২০০২ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাবনূর ও রিয়াজ। তার দ্বিতীয় সিনেমা ‘শুভ বিবাহ’ ২০০৯ সালে এবং তৃতীয় সিনেমা ‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তি পায় ২০১২ সালে।
এদিকে সায়মন ও ববি এখন ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’ সিনেমাতে অভিনয় করছেন। এছাড়া ‘ফলো মি’ এবং ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
