পারভীন সুলতানার সুচিত্রা-স্মরণ
সুচিত্রা সেন অভিনীত ১৩টি সিনেমার গান নিয়ে সোমবার প্রকাশিত হল কণ্ঠশিল্পী পারভীন সুলতানার ৭ম একক অ্যালবাম ‘সুচিত্রা স্মরণে’।
এদিন সন্ধ্যায় রাজধানীর তৌফিক আজিজ খান সেমিনার হলে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী।
অনুষ্ঠানে পারভীন সুলতানা গ্লিটজকে বলেন, “সুচিত্রা সেন অভিনীত সিনেমার গানগুলো আমার ভীষণ প্রিয়। সিনেমার গানে ‘লিপসিঙ্ক’ দেখে মনে হত তিনি নিজেই গাইছেন। তার কারণেই সিনেমার পাশাপাশি গানগুলো ঠাঁই করে নিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। তার মৃত্যুর পর সেসব অবিস্মরণীয় গান নিয়ে আমি একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করি।”
পারভীন জানান, বেশকিছু গান বাছাইয়ের পর অ্যালবামের জন্য ১৩টি গান চূড়ান্ত করা হয়।
১৩টি গানের এ অ্যালবামে শোনা যাবে, ‘ঘুম ঘুম চাঁদ’, ‘এই তো আমার প্রেম’, ‘এ শুধু গানের দিন’, ‘তুমি না হয় রহিতে’, ‘গানে মোর কোন’, ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি’, ‘ফুলে কানে ভ্রমর আনে’, ‘কে তুমি আমাকে ডাকো’, ‘জানি না ফুরাবে কবে’, ‘এই মধুরাতে’, ‘তুমি যে আমার’, ‘এই সুন্দর সোনালি সন্ধ্যায়’ ও ‘তব বিজয় মুকুট’।
