২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রীদের ভয় পান শাহিদ

অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেম করলেও নতুনভাবে আর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে রীতিমতো ভয় পান বলিউডি অভিনেতা শাহিদ কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ কারান’-এর পরবর্তী পর্বে আসছেন শাহিদ। ওই শোতে শাহিদ কার সঙ্গে ডেট করতে আগ্রহী তা জানতে চান কারান।

জবাবে শাহিদ বলেন, “কোনো অভিনেত্রীর সঙ্গে আর ডেট করতে চাই না আমি। সত্যি বলতে কি, অভিনেত্রীদের সঙ্গে ডেট করতে এখন আমি ভয় পাই।”

এরপর কারান শাহিদের কাছে জানতে চান, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কী শিখতে পেরেছেন তিনি। শাহিদ বলেন, “তাদের সঙ্গে প্রেম করে বুঝতে পেরেছি, তাদের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়।”

ক্যারিয়ারের একদম শুরুতে শাহিদ প্রেম করেন অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে। এরপর বিদ্যা বালান এবং প্রিয়াংকা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিভিন্ন সময়ে বিপাশা বসু, নার্গিস ফাকরি, হুমা কুরেশি এবং আনুশকা শর্মার মতো অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুজব শোনা যায়।

ওই অনুষ্ঠানে আদিত্য চোপড়ার ‘শুদ্ধ দেশী রোমান্স’ সিনেমায় কাজ না করার ব্যাপারেও কথা বলেন শাহিদ। সিনেমাটিতে অভিনয়ের জন্য আদিত্য প্রথমে শাহিদকেই বেছে নিয়েছিলেন। তবে তারিখ না মেলার কারণে তার স্থানে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত।

শাহিদ বলেন, “পরিচালক মনিশ শর্মা বার বার তারিখ পেছাচ্ছিলেন। তিনি বলেন, তার সব কাজ শেষ করতে আরও সময়ের প্রয়োজন। আমি ছয় মাস অপেক্ষা করেছি শুটিংয়ের জন্য। এরপরই অন্য দুটি সিনেমার শিডিউল ছিল আমার। তাই আমি মানা করে দিয়েছিলাম।”

শাহিদ আরও বলেন, “এরপর আদিত্য চোপড়ার সঙ্গে আর দেখা হয়নি। তবে কিছুদিন আগে তিনি আমাকে এসএমএস করেন। তিনি ‘রা...রাজকুমার’ সিনেমায় আমার কাজের প্রশংসা করেছেন।”