শাহরুখের বাড়িতে ‘জয় হো’
অভিনেতা শাহরুখ খানের বাড়ি মান্নাতে তার চিরপ্রতিদ্ব›দ্বী সালমান খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় সম্প্রতি।
বলিউডের দুই রাঘববোয়াল শাহরুখ এবং সালমানের দ্বন্দ্ব নতুন বিষয় নয়। তবে দ্বন্দ্বের চেয়ে তাদের মধ্যকার সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতাই এখন সর্বাধিক আলোচিত। সেই উষ্ণতা যেন আরও বৃদ্ধি পেল এই ঘটনায়।
জি মিডিয়া ব্যুরো জানায়, গেল রোজায় এক ইফতার মাহফিলে, শাহরুখ-সালমানের আলিঙ্গনের খবরে তাদের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হয়। আর সম্প্রতি শাহরুখের বাড়িতে ‘জয় হো’ সিনেমার প্রদর্শনীও তাদের সম্পর্কে একটি নতুন মোড় তৈরি করেছে।
এক প্রভাবশালী সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, এর আগে শাহরুখ নিজের বাড়িতে ‘দাবাং’ সিনেমা দেখেছিলেন। এবার সালমানের একজন ভক্ত ‘জয় হো’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করেন মান্নাতে।
এই খবরে দারুণ অবাক হয়েছেন সালমান। কারণ শাহরুখ চিরশত্রুর সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছেন নিজের বাড়িতে এটি সত্যিই বিষ্ময়ের ব্যাপার। অন্যদিকে ‘জয় হো’ সিনেমা মুক্তির আগে শাহরুখের দুর্ঘটনার খবরে সালমান রেগে গিয়েছিলেন। তার মতে “দর্শক মনোযোগ কেড়ে নেওয়ার জন্য” ইচ্ছা করে ঘটনাটি ঘটিয়েছিলেন শাহরুখ।
অন্যদিকে ‘জয় হো’ সিনেমার পরিচালক এবং সালমানের ছোট ভাই সোহেল খানও শাহরুখের কাজে দারুণ আনন্দিত হয়েছেন। শাহরুখকে বিশেষভাবে ধন্যবাদও জানিয়েছেন সোহেল।
