দীপিকার উদ্দেশ্যে শাহরুখের গান
“মিডিয়া গেসিং গেসিং, পিপল ওয়েটিং, ওয়েটিং- বোলো বোলো বোলো, কৌন হ্যায় ও”- অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে থাকা সবচেয়ে আলোচিত প্রশ্নটি এবার গানে গানে তাকে করলেন শাহরুখ খান। স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘রনভির সিংয়ের সঙ্গে প্রেম করছেন কি না’- মিডিয়াতে ঘুরতে থাকা বহুল আলোচিত ওই প্রশ্নের জবাবও দীপিকা দিয়েছেন গানের সুরেই!
এনডিটিভির খবর অনুযায়ী, ১৪ জানুয়ারি রাতে স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে এভাবেই দীপিকার প্রেমিকের নাম জানতে চান তার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সহশিল্পী শাহরুখ। ওই সিনেমার জনপ্রিয় গান ‘ওয়ান টু থ্রি ফোর’-এর আদলে মঞ্চে দীপিকাকে ডেকে শাহরুখ গাইতে শুরু করেন, “ওয়ান টু থ্রি ফোর, বয়ফ্রেন্ড কা নাম বোল, কৌন হ্যায় ও, কৌন হ্যায় ও, উসকি তু পোল খোল। মিডিয়া গেসিং গেসিং, পিপল ওয়েটিং, ওয়েটিং- বোলো বোলো বোলো, কৌন হ্যায় ও!” (এক দুই তিন চার, বয়ফ্রেন্ডের নাম বলো, কে সে, কে সে, রহস্যের পর্দা খোল। মিডিয়া আন্দাজ করছে, মানুষও অপেক্ষা করছে, বলো, বলো বলো, কে সে!)
শাহরুখের এমন অতর্কিত আক্রমণে মোটেই অপ্রস্তুত বোধ করেননি দীপিকা। বরঞ্চ নিজের অভিনীত সিনেমা ‘কার্তিক কলিং কার্তিক’-এর গান ‘উফ তেরি আদা’-এর আদলে গানের সুরেই প্রশ্নের জবাব দেন তিনি। মিডিয়াতেও যেভাবে নিজের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছেন, ঠিক একইভাবে তিনি উত্তর দেন, “উফ, উসকা আদা; আই লাইক দ্য ওয়ে হি মুভস। উফ, উসকা শাকাল; আই লাভ দ্য ওয়ে হি লুকস। উফ; যো ভি হ্যায় ও, আই উইল নেভার টেল ইউ!” (তার কথা কি আর বলব, আমি তার চলনে মুগ্ধ। তার রূপের প্রেমে পড়ে গেছি আমি। তবে সে যেই হোক না কেন, তোমাকে আমি কখনও বলব না তার নাম!)
মঞ্চে যখন গানে গানে শাহরুখ-দীপিকার ওই প্রশ্নোত্তর পর্ব চলছে, সামনে থাকা বড়পর্দায় তখন বারবার দেখানো হচ্ছিল রনভির সিংয়ের মুখ। বেশ ভালোভাবে মুহূর্তটি উপভোগ করছিলেন তিনি। ২০১৩ সালের সিনেমা ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’তে দীপিকার সহশিল্পী ছিলেন তিনি; তখন থেকেই ওই জুটির প্রেমের গুজবে সরগরম বলিউড।
এরপর থেকে অনেকবার দীপিকা-রণবীরের ডুবে ডুবে জল খাওয়া নিয়ে ভারতীয় মিডিয়ায় হয়েছে তোলপাড়। কিন্তু অন্য তারকাদের মতোই বরাবর প্রশ্নগুলো এড়িয়ে গেছেন দুজন। সর্বশেষ ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে এ ব্যাপারে সরাসরি দীপিকাকে প্রশ্ন করেছিলেন নির্মাতা কারান জোহর। সেখানেও একবাক্যে বিষয়টিকে অস্বীকার করে দীপিকা বলেছিলেন, “সত্যিই কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তখন জানাব।”
