প্রথমদিনে ‘জয় হো’
মুক্তির প্রথম দিনে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি সালমান খান অভিনীত সিনেমা ‘জয় হো’।
শুক্রবার মুক্তি পাবার পর মিডিয়ায় বহুল আলোচিত সিনেমাটি ভাঙতে পরেনি সালমান অভিনীত ‘এক থা টাইগার’-এর প্রথমদিনের রেকর্ড।
জি মিডিয়া ব্যুরো জানায়, চলচ্চিত্র বাণিজ্য গবেষক তরণ আদর্শের মতে ‘জয় হো’ প্রথম দিন আয় করেছে সাড়ে ১৭ কোটি রুপি। ‘এক থা টাইগার’ সিনেমার প্রথম দিনের আয় ছিল ৩৩ কোটি রুপি।
২০১৩ সালে বক্স অফিসে অনুপস্থিত ছিলেন সালমান। তবে এর আগে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে রাজত্ব করেছেন তিনি। আর তাই দীর্ঘ প্রতীক্ষার পর ‘জয় হো’ সিনেমা নিয়েও আশাবাদী ছিলেন অনেকেই। মুক্তির প্রথম দিনই সালমানের আগের সিনেমাগুলোর রেকর্ড ভাঙবে ‘জয় হো’ এমন ধারণাও ছিল অনেকের।
তবে সোশাল নেটওয়ার্কিং সাইটে তরণ আদর্শ জানান, তিনি মনে করেন সামনে সিনেমাটি ভালো ব্যবসা করবে।
তিনি টুইট করেন, “শুক্রবার মুক্তির কারণে হয় তো সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি। তবে আশা করা যাচ্ছে শনি এবং রোববার সিনেমাটি ভালো করবে।”
তেলেগু সিনেমা ‘স্টালিন’-এর অনুকরণে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল খান। এতে অভিনয় করেছেন ডেইজি সাহা, সানা খান, টাবু, ড্যানি ডেংজনপা, সুনীল শেঠি, জেনেলিয়া ডিসুজা।
