দ্য মেটা মরফসিস
‘দ্য মেটা মরফসিস’ নাটকে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইরানি বিশ্বাস।
ইরানি বিশ্বাস গ্লিটজকে জানিয়েছেন, এতে তরুণ নাট্যকার জামানের ভূমিকায় নিশো ও মেডিকেলের ছাত্রী কানিজের ভূমিকায় মেহজাবীন অভিনয় করবেন।
নাটকে দেখা যাবে, তরুণ নাট্যকার জামানের কাছে নাটকই সবকিছু। মঞ্চকে ঘিরেই তার বসবাস। তার নাটকের ভক্ত মেডিকেলের ছাত্রী কানিজ। নাটককে কেন্দ্র করে তাদের পরিচয় এবং প্রেম। প্রেম গড়ায় বিয়েতে। বিয়ের পর জামান সংসারের দায়ে এক বন্ধুর প্রতিষ্ঠানে চাকরি নেয়। কানিজও ব্যস্ত হয়ে পড়ে চিকিৎসা পেশায়। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সম্পর্কে দেখা দেয় জটিলতা।
নাটকের চরিত্র সম্পর্কে মেহজাবিন বলেন, “অনেক দিন পর একটি ভালো পাণ্ডুলিপি পেয়েছি। গল্পটি সুন্দরভাবে পর্দায় প্রকাশিত হয়েছে। আমি অনেক আশাবাদী নাটকটি নিয়ে।”
নির্মাতা ইরানি জানিয়েছেন নাটকটি শিগগিরই এসএ টিভিতে প্রচারিত হবে।
