জাস্টিন বিবার গ্রেপ্তার
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে গ্রেপ্তার হয়েছেন কানাডীয় পপতারকা জাস্টিন বিবার।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং আবিসিক এলাকায় গাড়ির রেস করার অভিযোগে বিবারকে গ্রেপ্তার করেছে মায়ামি পুলিশ।
অন্যদিকে এনবিসি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মায়ামির এক ক্লাব থেকে বের হওয়ার পর গ্রেপ্তার হন বিবার। প্রাথমিক অবস্থায় মায়ামির আবাসিক এলাকায় অপর একটি গাড়ির সঙ্গে রেস শুরু করায় বিবারকে আটক করে পুলিশ। আটক করার পর বিবারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি ধরা পড়ে স্থানীয় পুলিশের কাছে।
এ সময় ভাড়া করা হলুদ রংয়ের একটি ল্যাম্বরগিনি গাড়ি চালাচ্ছিলেন বিবার।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিবারের রক্তে অ্যালকোহলের পরিমাণ এবং অন্যকোনো নেশাদ্রব্যের উপস্থিতি আছে কি না সেটা নির্ধারণে পরীক্ষা চালাচ্ছে মায়ামি পুলিশ। পরীক্ষা শেষে বিবারের জায়গা হবে স্থানীয় হাজতে। মুচলেকা শোধ করার আগ পর্যন্ত জামিন পাবেন না এই পপগায়ক।
