শুভর ‘অনেক স্বপ্ন’
কণ্ঠশিল্পী শুভর তৃতীয় অ্যালবাম ‘অনেক স্বপ্ন’ প্রকাশিত হবে শনিবার। অ্যলবামটি প্রকাশ করছে জি সিরিজ।
দ্বিতীয় অ্যালবাম প্রকাশের তিন বছর পর এই অ্যালবাম প্রকাশিত হচ্ছে।
প্রকাশিতব্য অ্যলাবাম নিয়ে তিন বছর ধরে কাজ চলছিল বলে জানান শুভ।
তিনি বলেন, “আমার দ্বিতীয় অ্যালবামের কাজ করেছিলাম মেলো অল্টারনেটিভ রক ঘরানাতে। ঘরানা ধরে প্রথম কাজ ছিল সেটি। অনেক দেখে-শুনে, পরীক্ষা-নিরীক্ষার ফসল হিসেবে বাজারে আসে অ্যালবামটি। তাই সেটির নাম দিয়েছিলাম ‘অনেক কিছু’। এবার অনেক স্বপ্ন দেখছি। তাই অ্যালবামের নাম দিয়েছি ‘অনেক স্বপ্ন’।”
অ্যালবামের একটি গানের সুর দিয়েছেন ফুয়াদ আল-মুক্তাদির। শিল্পী নিজে করেছেন একটি গানের সুর। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। অ্যালবামের জন্য শিল্পীর সঙ্গে আরও গান লিখেছেন জিয়া, জাহিদ বাবুল ও জীবন। আরও রয়েছে কানাইলাল শীল, জালাল খাঁ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
‘অনেক স্বপ্ন’ অ্যালবামে মূলত গান রয়েছে দশটি। গানের শিরোনামগুলো হল, ‘তোমার স্বপ্ন আছে বলেই’, ‘এই শহরের গল্প’, ‘আগে জানলে’, ‘তুমি কই?’, ‘আসবে ফিরে’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘যা বৃষ্টি’, ‘হবে না’, ‘ক্যান বা তারে’, ‘স্বাধীন-২’। বোনাস হিসেবে রয়েছে ‘ক্যান বা তারে’ গানটির রিপ্রাইস ভার্সন ও টুম্পার সঙ্গে ‘সহেনা যাতনা’ গানটি।
অ্যালবামে দুটি লোকগান রয়েছে। একটি কানাইলাল শীলের ‘ক্যান বা তারে’, আর অন্যটি জালাল খাঁর গান ‘আগে জানলে’।
শুভ বলেন, “আমি আমাদের লোকসংগীত নিয়ে কাজ করতে চাই। দেশের গানকে আর্ন্তজাতিক পরিমণ্ডলে পৌঁছে দিতে চাই।”
অ্যালবামটি প্রকাশনা উপলক্ষে ২৫ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জি সিরিজ।
অ্যালবামের ৩টি গান ইতোমধ্যেই অনলাইন ও রেডিওতে প্রকাশিত হয়েছে।
অ্যালবামটি অনলাইনেও পাওয়া যাবে বলে জানিয়েছেন শুভ।
