২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে রণবীর-আমির যুদ্ধ

চলতি বছরের বড়দিনে বলিউড দেখবে আমির খান এবং রণবীর কাপুরের বক্স অফিস যুদ্ধ। কারণ ওই দিন একই সঙ্গে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘পিকে’ এবং রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘বোম্বে ভেলভেট’।

জেনিফার ডি প্যারিস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:29 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

মিডডের খবর অনুযায়ী, প্রথমে ৬ জুন মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘পিকে’র। কিন্তু পরে এটি বড়দিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে অনেক আগে থেকেই ওই দিন মুক্তি পাওয়ার কথা ‘বোম্বে ভেলভেট’ সিনেমাটির।

প্রতিযোগিতা এড়াতে ‘বোম্বে ভেলভেট’-এর মুক্তির তারিখ বদলানো হবে কি না তা জানতে চাইলে নির্মাতা অনুরাগ কশ্যপ জানান, এমন কোনো পরিকল্পনা নেই তাদের।

তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাব। আমিরের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, এ বিষয় অবশ্যই আমাকে চিন্তিত করে তুলছে। তবে এ বিষয়ে আমাদের এখন কিছুই করার নেই।”

অনুরাগ আরও বলেন, “আপাতত আমি ভাবছি কী করে একটি ভালো সিনেমা তৈরি করা যায়। এখন আমি ‘পিকে’ নিয়ে ভাবছি না।”

এই সিনেমার ব্যাপারে এখনও জনসম্মুখে কোনো কথা বলেননি রণবীর। এক সূত্র জানিয়েছে, সিনেমাটি নিয়ে বড় ধরনের পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টুডিওস।

সূত্রটি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ এই সিনেমার কাজ শেষ করবেন রণবীর।

এদিকে ‘পিকে’ সিনেমার প্রযোজক ডিজনি এবং ইউটিভি তাদের সা¤প্রতিক এক বিবৃতিতে পরিষ্কারভাবে জানায়নি, ঠিক কবে মুক্তি পাবে ‘পিকে’।

তবে আমির ইতোমধ্যেই টুইটারে টুইট করে নিশ্চিত করেছেন, বড়দিনের মৌসুমেই মুক্তি পাবে রাজকুমার হিরানি নির্মিত ওই  সিনেমা।

অবশ্য এক সূত্রের মতে, হয়তো কোনো  প্রকার প্রতিযোগিতার মধ্যে যেতে চাইবেন না আমির। তাই প্রতিযোগিতা এড়াতে হয়তো ২০ ডিসেম্বরের মধ্যেই মুক্তি দিবেন ‘পিকে’।

তবে আমির আর রণবীরের মধ্যে প্রতিযোগিতার সূত্রপাত হোক বা না হোক, উভয় ক্ষেত্রেই লাভবান হবেন অভিনেত্রী আনুশকা শর্মা। কারণ ‘পিকে’ এবং ‘বোম্বে ভেলভেট’ দুটি সিনেমায়ই অভিনয় করেছেন তিনি।