কথা গোপন রাখতে পারেন না নাইটলি
হলিউডি অভিনেত্রী কিরা নাইটলি কথা গোপন রাখতে পারেন না একেবারেই।
কন্টাক্টমিউজিক জানায়, সদ্যমুক্তিপ্রাপ্ত ‘জ্যাক রায়ান: শ্যাডো রিক্রুট’ সিনেমায় সিআইএ এজেন্টের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ওই অভিনেত্রী। তবে জানা যায়, কথা গোপন রাখার ক্ষেত্রে নাইটলির বদনাম রয়েছে।
নাইটলি বলেন, “কথা গোপন রাখার ক্ষেত্রে আমার দুর্নাম আছে। আমাকে গোপন কথা বললে মুখ ফসকে বের হয়ে যায় আমার। সিআইএ এজেন্ট হলে আমি কখনও উন্নতি করতে পারতাম না।”
নাইটলি খুব শীঘ্রই একজন সংগীত শিল্পীর চরিত্রে অভিনয় করবেন ‘ক্যান এ সং সেভ ইওর লাইফ?’ সিনেমায়। সিনেমাতে তার সঙ্গে অভিনয় করবেন ‘মেরুন ফাইভ’ ব্যান্ডের অ্যাডাম লেভিন।
লেভিন সম্প্রতি জীবিত পুরুষদের মধ্যে ‘সবচেয়ে আকর্ষণীয় পুরুষে’র খেতাব পেয়েছেন। তবে নাইটলি জানান, সিনেমায় লেভিন তাকে সংগীতের ক্ষেত্রে কোনো সহায়তা করেননি।
নাইটলি বলেন, “লেভিন আমাকে কোনো সহায়তা করেননি। তিনি এমন একজন মানুষ, যিনি মনে করেন, সবাই গান গাইতে পারদর্শী। আমি তাই তাকে এ নিয়ে ঘাটাইনি।”
এদিকে ডিজনির ফেইরি টেইল গল্প নিয়ে মিউজিকাল মুভি ‘ইনটু দ্য উডস’ সিনেমায় গান গেয়েছেন নাইটির ‘জ্যাক রায়ান’ সিনেমার সহ-অভিনেতা ক্রিস পাইন। ৩৩ বছর বয়সী ওই অভিনেতা সিনেমাটি শুরুর আগে মাস খানেক গান শিখেছেন বলে জানিয়েছেন।
নাইটলি অভিনীত ‘জ্যাক রায়ান: শ্যাডো রিক্রুট’ মুক্তি পেয়েছে ১৫ জানুয়ারি।
